ঢিলেঢালা হরতালে বিক্ষিপ্ত ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে গতকাল বুধবার ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। দেশের কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাছ কেটে সড়ক অবরোধ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অন্তত ৪০টি গাড়িতে। আটক করা হয়েছে ১৮-দলীয় জোটের ১২ জন নেতা-কর্মীকে।এদিকে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় মহানগর এলাকায় হরতালের তেমন কোনো আঁচ পাওয়া যায়নি। প্রায় সব প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা প্রচারণায় ব্যস্ত সময় কাটান। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁদপুর: সকাল ছয়টার দিকে সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া ও পল্লী বিদ্যুৎ এলাকায় গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল-সমর্থকেরা। এ সময় ট্রাক, পিকআপ ভ্যান, অটোরিকশাসহ ৩০ থেকে ৩৫টি যানবাহন ভাঙচুর করা হয়। একই সড়কের বাবুরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে পিকেটাররা। এসব ঘটনায় গাড়ি ভাঙচুর ও গাছ কাটার অপরাধে চাঁদপুর মডেল থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর দুটি মামলা করেছে। চাঁদপুর মডেল থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।ব্রাহ্মণবাড়িয়া: নাশকতার চেষ্টার অভিযোগে জামায়াতের এক রুকনসহ জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে। বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে হরতালবিরোধী মিছিল করেছেন।সিরাজগঞ্জ: সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার তেলকুপি বাজারে টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ ছাড়া সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে এবং পৌর এলাকায় সড়কে ইট ফেলে অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি বাজারে গাছ ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকেরা।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল বুধবার হরতালের সমর্থনে মিছিল করলে পুলিশ ও ছাত্রলীগ তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ১১ জন আহত হন। মিছিলে যোগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদলের আরেক কর্মী।নারায়ণগঞ্জ: সকাল ছয়টার দিকে শহরের বরফকল মাঠ এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমানের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। তারা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। এ সময় বেশ কটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সরিষাবাড়ী (জামালপুর): জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক, নারিকেলী মোড়ে একটি অটোরিকশা ও মঙ্গলপুরে একটি ভটভটি ভাঙচুর করে পিকেটাররা। এ সময় পুলিশ এক পিকেটারকে আটক করে। হরতালের কারণে যমুনা সার কারখানা থেকে ১৯টি জেলায় সার পরিবহন বন্ধ ছিল।নোয়াখালী: শহরের রশিদ কলোনি, মাইজদী বাজার ও সেনবাগ থানার মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল-সমর্থকেরা। তবে পুলিশে গেলেই তারা সরে যায়। সকাল সাড়ে আটটা ও ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল হয়। হরতালের আগের রাতে কবিরহাট থেকে বিএনপির এক কর্মীকে আটক করা হয়।ফরিদপুর: সকাল ১০টার দিকে সালথা উপজেলার আগুলদিয়া-ফুকরার মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। এতে চালক আবু সাইমসহ অন্তত ছয়জন যাত্রী আহত হন। এদিকে গত মঙ্গলবার ফরিদপুরে যুবদলের ডাকে অর্ধদিবস হরতাল চলাকালে ট্রাক পোড়ানোর ঘটনায় যুবদলের জেলা শাখার সভাপতি আফজাল হোসেন খান, সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া, ছাত্রদলের জেলা শাখার সভাপতি বেনজির আহমেঞ্চদসহ ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ময়মনসিংহ: সকালে শহরের সানকিপাড়া এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। এ সময় পিকেটাররা একটি ইজিবাইক ভাঙচুর করে আগুন দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে হরিকিশোর রায় সড়কের দলীয় কার্যালয় থেকে বিএনপি মিছিল বের করে। যুবদল জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। যুবদলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি কামরুজ্জামানের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচামাটিয়া সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত তিনজন আহত হয়।