ঢিলেঢালা হরতালে ভাঙচুর-সংঘর্ষ, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ বুধবার সারা দেশে জামায়াতের ডাকে টানা তৃতীয় দিনের মতো হরতাল চলছে। রাজধানীতে হরতালে ঢিলেঢালা ভাব চলছে। তবে কয়েকটি স্থানে হরতালকারীরা বিক্ষিপ্ত ভাঙচুর চালিয়েছে এবং আগুন দেওয়ার চেষ্টা করেছে। ঢাকার বাইরে কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর ও পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, নয়াপল্টন, পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালের মধ্যেও জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে অন্য স্বাভাবিক কর্মদিবসের চেয়ে রাস্তায় ভিড় কম। হরতালের মধ্যে রাজধানীতে উল্লেখযোগ্য সংখ্যক বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। গত দুই দিনের হরতালের তুলনায় আজ সকাল থেকে রাস্তায় বেশিসংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্টন মোড়ে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই যানজট তৈরি হতে দেখা যায়। ভোরে দূরপাল্লার কয়েকটি বাস রাজধানীতে ঢুকলেও মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।হরতাল ও জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও র্যাবের সদস্যদের অবস্থান চোখে পড়েছে। সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় আগুন লাগানো, ভাঙচুর করা ও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর ও পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।মিরপুর: সকাল আটটার দিকে মিরপুরের পল্লবীতে কালশী রোডে কবরস্থানের সামনে ইটিসি পরিবহনের একটি বাস ভাঙচুর করে এতে আগুন দেওয়ার চেষ্টা চালায় পিকেটাররা। বাসটির কয়েকটি সিট পুড়ে গেলেও পরে আগুন নিভিয়ে ফেলা হয়।প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক মো. সালাহউদ্দিন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।কল্যাণপুর: সকাল পৌনে সাতটার দিকে কল্যাণপুরের শহীদ মিনার গলিতে ২০ থেকে ২৫ জন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান।প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আনোয়ার হোসেন। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। হরতাল ও জামায়াত নেতা মুজাহিদের রায়কে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।রংপুরে দুটি ট্রাকে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। রাজশাহীতে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়কে কেন্দ্র করে আজকের হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলার রায়কে কেন্দ্র করে গত সোম ও মঙ্গলবার পর পর দুই দিন হরতাল ডাকে দলটি। হরতালের দ্বিতীয় দিনে গতকালও দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ ব্যাপক সহিংসতা চালান জামায়াত-শিবিরের কর্মীরা।