ঢিলেঢালাভাবে চলছে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আজ সারা দেশে ঢিলেঢালাভাবে চলছে। কারাগারে আটক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের ৩৩ জন নেতার মুক্তির দাবিতে হরতাল ডাকা হয়। গাড়ি পোড়ানোর মামলায় আদালতের নির্দেশে এসব নেতাকে গতকাল কারাগারে পাঠানো হয়।সকাল থেকে রাজধানীর সড়কগুলোর নিয়ন্ত্রণ নেয় পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীতে হরতালের সমর্থনে পিকেটারদের কোনো মিছিল করতে দেখা যায়নি।খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পশ্চিমে বি-ব্লকে ছাত্রশিবির একটি মিছিল বের করতে চাইলে পুলিশে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে চারজনকে আটক করা হয়। অন্যদিকে মিরপুরে একসঙ্গে পাঁচটি হাতবোমা বিস্ফোরণের হয়েছে বলে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়।মিরপুর বাঙলা কলেজের সামনে আজ সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিআরটিসি বাস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে। এতে কলেজ ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসান টিটুসহ তিনজন আহত হন।হরতালের মধ্যেও রাজধানীর সড়কগুলোতে রিকশাসহ সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে। তবে তা অন্যদিনের তুলনায় কিছুটা কম। সকালে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।সকাল থেকেই বিএনপির সাংসদ জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাসহ শীর্ষস্থানীয় নেতারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন। গতকাল বুধবার রাত থেকেই পুলিশ কার্যালয়টি ঘেরাও করে রেখেছে। আশপাশের এলাকায়ও বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে ডাকা দ্বিতীয় দফা হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে গাড়ি পোড়ানো হয়। এতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। ওই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে গতকাল বুধবার কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত। এর প্রতিবাদে গতকাল বিকেলেই সারা দেশে এই হরতালের ডাক দেয় বিএনপি। এই ৩৩ নেতার মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৯ জন এবং শরিক চারটি দলের চার শীর্ষ নেতা রয়েছেন।ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে গত মাসে দুই দফায় পাঁচ দিন হরতাল করে বিএনপি।হরতালের আগের দিন গতকাল রাজধানীর বেশ কয়েকটি স্থানে পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পাঁচজনকে আটক করা হয়।