ঢেউয়ের তালে তালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ অক্টোবর সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেল সার্ফবোর্ড নিয়ে নাহিদা সাগর জলে ঘুরে বেড়াচ্ছেন। গোসলে নামা শত শত পর্যটক নাহিদার সার্ফিং দেখে মুগ্ধ, অনেকে চিৎকার করে তাঁকে উৎসাহ দিচ্ছেন। সঙ্গে একটি কুকুরও আছে। সমুদ্রে কুকুরটির হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই। কারণ, কুকুরটির গলায় বাঁধা রশিটির আরেক প্রান্ত বোর্ডের সঙ্গে আটকানো ছিল। সার্ফিং শেষে কথা হলো নাহিদার সঙ্গে। ‘কয়েক দিন পরে ঈদ। তখন দুই দিনের বিরতি। এরপর তো পর্যটকের ঢল নামবে এখানে। তাদের বিনোদনের জন্য সার্ফিং করব। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার সার্ফিংয়ের জন্য উপযুক্ত স্থান, এটি তারা জানতে পারবে। এতে পর্যটন শহরের গুরুত্ব আরও বাড়বে। অসংখ্য মানুষের আয়-রোজগার ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।’ অবাক হই তাঁর কথা শুনে! এতটুকু মেয়ে এত ভাবনাচিন্তা করেন? পরক্ষণেই ভাবী, হতেই পারে। নাহিদ তো আর দশটা মেয়ের মতো নন। সাঁতার জানা মানুষও উত্তাল সমুদ্রে নেমে মাছ ধরতে কিংবা গোসল করতে ভয় পায়। সে ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নাহিদা আক্তার। নানা প্রতিকূলতার মধ্যেও নাহিদা সার্ফিং নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাঁর ইচ্ছা সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে আনা। বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেওয়া। কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিশারিঘাট এলাকায় নাহিদার বাড়ি। পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি। সংসারের দায়িত্ব পড়ে মা রেহেনা বেগমের ওপর। ফিশারিঘাটে মাছের ছোটখাটো ব্যবসা করেই মা-মেয়ের ছোট্ট সংসারটি তিনি চালান।সার্ফিংয়ের মতো অন্যরকম খেলাকে কেন বেছে নিলেন? উত্তরে নাহিদা বলেন, ‘টেলিভিশন চ্যানেলে বিদেশি মেয়েদের সার্ফিং দেখতে ভালো লাগত। আমারও ইচ্ছা করত সার্ফিং করতে। মাকে রাজি করিয়ে ফেললাম। হাজির হলাম বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলমের বাড়িতে। তিনি তাঁর “সার্ফিং ক্লাবে” ভর্তি করলেন। প্রথমে তিন মাস বডিবোর্ড (শিক্ষানবিশদের জন্য সার্ফিং শেখার বোর্ড) সার্ফিং ও সাঁতার শিখতে হয়েছে। তারপর লং বোট নিয়ে তিন বছর সমুদ্রে সার্ফিং করেছি। এর পর থেকে শর্টবোর্ড নিয়ে সার্ফিং করছি। পুরোপুরি শেখা হলেই তবে শর্টবোর্ড নিয়ে সমুদ্রে সার্ফিং করা হয়। এখন সমুদ্রে সার্ফবোর্ড নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপার না।’অভাবের কারণে নাহিদা পড়ালেখা করতে পারেননি। নয় বছর বয়স থেকে সার্ফিং শিখতে শুরু করেন। তখন নানাজনে নানা কথা বলত। নাহিদার সার্ফিং দেখে প্রশংসা করলেও মেয়েদের সার্ফিং প্রশিক্ষণ বা খেলাকে ভালো দৃষ্টিতে দেখে না অনেকেই। তবে নাহিদার মা মেয়ের ভবিষ্যৎ নিয়ে খানিকটা চিন্তিত। আট বছর ধরে নাহিদাকে নিজের অর্থে সার্ফিং করতে হচ্ছে।বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলম বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজার সৈকতে অনুষ্ঠিত হলো দশম সার্ফিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন নাহিদা আক্তার। এর আগের দুই বছর তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন। মেয়েটি অনেক ভালো সার্ফার। আমি ছাড়া একমাত্র নাহিদাই কক্সবাজারে কুকুরসহ সার্ফিং করেন। বিশেষ দক্ষতা না থাকলে এটি সম্ভব নয়। যথাযথ সহায়তা পেলে নাহিদা আরও ভালো করতেন।’সার্ফার নাহিদার ইচ্ছা, শত কষ্টের মধ্যেও তিনি সার্ফিং ধরে রাখবেন। গড়তে চান মেয়েদের জন্য আলাদা একটি সার্ফিং ক্লাব। সামনে ঈদ। বন্ধুদের নিয়ে তাই ঈদের পরিকল্পনা করতে ব্যস্ত নাহিদা। ঈদের দুই দিন ছুটিতে কোনো কাজ করবেন না। নতুন পোশাক পরে মায়ের সঙ্গে সময় কাটাবেন। বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরবেন। ঈদের আনন্দ যেন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে নাহিদার মনে।