তক্ষক বেচাকেনার অভিযোগে আরও ছয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তক্ষক বেচাকেনায় জড়িত থাকার অপরাধে আজ রোববার আরও ছয়জনকে এক থেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর পল্লবীর একটি বাড়ি থেকে ২৫টি তক্ষকসহ চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্য থেকে কারাদণ্ড দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল ইসলাম (৪৭), রফিকুল ইসলাম (৫২), আবদুল মান্নান (২৮), কামরুল হাসান (৩০), মো. মিন্টু (৩০) ও শাজাহান (৪৫)।র‌্যাব সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মিরপুর ১২ নম্বর সেকশনের এইচ ব্লকের ২ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ির পঞ্চম তলায় অভিযান চালান। বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। ভ্রাম্যমাণ আদালত ওই বাসা থেকে ২৫টি তক্ষক উদ্ধার করেন। র‌্যাবের সদস্যরা তক্ষক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক আটজনকে গ্রেপ্তার করেন। কোটি টাকায় বিক্রি হচ্ছে, এই গুজব ছড়িয়ে এই চক্রটি দীর্ঘ দিন ধরে তক্ষক কেনা-বেচায় যুক্ত ছিল। তাঁদের মধ্যে ছয়জনকে এক থেকে দুই বছর কারাদণ্ড এবং বাকি দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই দুজন বাড়ির দারোয়ান। অভিযানে বন বিভাগের কর্মকর্তা ও র‌্যাবের সদস্যরা অংশ নেন।র‌্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয়জনকে এক থেকে দুই বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট বলেন, পাচার বা অন্য কোথাও বিক্রির উদ্দেশ্যে নয়, বরং প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেই চক্রটি গুজব তুলে তক্ষক বেচা-কোন করত।এর আগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মগবাজার, দক্ষিণখান ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৬টি তক্ষকসহ ১৬ জনকে গ্রেপ্তার করেন। পরে ওই ১৬ জনকে এক থেকে দুই বছর কারাদণ্ড দেন।