তক্ষকের সেই ছয় ছানা এখন বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে আটক বন্য প্রাণী তক্ষকের ছয়টি ছানাকে আজ শুক্রবার সকালে বনে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ উদ্যোগ নেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি কে বা কারা গুজব ছড়ায় যে তক্ষকের রক্তরস দিয়ে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়। তাই ওই বন্য প্রাণীটি চড়া দামে বিক্রি হচ্ছে। এ গুজবে উপজেলার সাগরনাল ইউনিয়নের খাসকিত্তা গ্রামের দিনমজুর সুদাম রবিদাস (৪০) সপ্তাহ দুয়েক আগে বনের বিভিন্ন গাছের কোটরে থাকা তক্ষকের ছয়টি ছানা ধরেন। আশপাশে আরও কয়েকটি এলাকায় তক্ষক শিকারে লোকজনের তৎপরতা বেড়ে যায়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘অবাধে তক্ষক শিকার’ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা ও জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার আজ বেলা ১১টার দিকে খাসকিত্তা গ্রামে সুদামের বাড়িতে যান। পরে তক্ষকের ছয়টি ছানাকে তাঁরা উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেন। এ সময় ইউএনও সেখানে জড়ো হওয়া স্থানীয় লোকজনকে বলেন, চড়াদামে তক্ষক বিক্রির বিষয়টি গুজব। কাউকে প্রাণীটি না ধরতে তিনি অনুরোধ করেন। এ ছাড়া গুজব ছড়ানোর লোকদের সম্পর্কে গোপনে তাঁর কাছে তথ্য জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।ইউএনও মনীষ চাকমা তক্ষকের ছয়টি ছানাকে অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, কয়েক দিন আটকে রাখায় ওই ছানাগুলো প্রাকৃতিক খাবার পাচ্ছিল না। সে কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল।