তখন নিয়াজির চোখ দিয়ে পানি পড়ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাক ফ্রেডেরিক রালফ জ্যাকব। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন, তাঁদের মধ্যে শুধু তিনিই জীবিত। তাঁর সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তি। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খানএকাত্তরে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লে. জেনারেল জ্যাক জ্যাকব প্রথম আলোকে আবারও বলেছেন, দিল্লিতে ভারতীয় সমর পরিকল্পনাবিদদের মাথায় ঢাকা দখলের কোনো পরিকল্পনা ছিল না। তিনি তাঁর বক্তব্যের সমর্থনে সাবেক ভারতীয় বিমানবাহিনীর প্রধান পিসি লালের লেখা মাই ইয়ার্স ইন আইএএফ গ্রন্থের বরাত দেন। জ্যাকব বলেন, মি. লাল তাঁর ওই বইয়ে দুটো বিষয় উল্লেখ করেছেন। এক, ঢাকা দখলের লক্ষ্য অগ্রাধিকার পায়নি। দুই, সশস্ত্র বাহিনীর সদর দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ছিল না। জ্যাকবের কথায়, ‘ঢাকায় আসতে আমরা ইচ্ছা করে শহরগুলো পাশ কাটিয়েছিলাম। খুলনা ও চট্টগ্রামের মতো শহর আমরা গ্রহণ করিনি। তদুপরি আমরা যুদ্ধ জয় করেছিলাম।’১৬ ডিসেম্বর নিয়াজি যখন আত্মসমর্পণ করেন, তখন ৩০ হাজার পাকিস্তানি সৈন্য ঢাকায় ছিল। প্রায় ৩০ মাইল দূরে ছিল ভারতের মাত্র তিন হাজার সৈন্য। অনুপাতের হিসাবে ১০:১। জ্যাকব বলেন, ‘আমি ভেবেছিলাম, ওই সময় ঢাকায় নিয়াজির ২৫ হাজার সৈন্য রয়েছে। তাঁকে জিজ্ঞেস করে জানলাম, এই সংখ্যা ৩০ হাজার। কিন্তু আমাদের সামর্থ্য সম্পর্কে তাঁর জানা ছিল না।প্রথম আলো: আপনি কী করে নিয়াজিকে শর্ত মানতে রাজি করিয়েছিলেন? নিয়াজি বলেছেন, আপনি তাঁকে ব্ল্যাকমেইল করেছিলেন।জেনারেল জ্যাকব: ব্লাকমেইলের কোনো ঘটনা ঘটেনি। ১৬ ডিসেম্বর সকালে আমি যখন তাঁর দপ্তরে আত্মসমর্পণ দলিলের খসড়া দেখিয়েছিলাম, তখন তাঁর চোখ দিয়ে পানি পড়ছিল। নিয়াজি বললেন, কে বলেছে আমি আত্মসমর্পণ করতে যাচ্ছি? আপনি তো এসেছেন যুদ্ধবিরতি কার্যকর করতে। ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ কথাটিতে ফরমান আলী ঘোরতর আপত্তি তুললেন। অন্য জেনারেলরাও দলিল প্রত্যাখ্যান করলেন। তখন আমি নিয়াজিকে একপাশে ডেকে নিলাম। বললাম, যদি তিনি আত্মসমর্পণ করেন, তাহলে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, জাতিগত সংখ্যালঘু এবং তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। যদি আত্মসমর্পণ না করেন, তাহলে আমি তাদের নিরাপত্তার জন্য দায়ী থাকব না।প্রথম আলো: ১৬ ডিসেম্বর আপনি কলকাতা থেকে যশোরে পৌঁছে কী দেখেছিলেন?জ্যাকব: তখন সকাল সাড়ে নয়টা হবে। আমি কলকাতা ত্যাগ করি। সাড়ে ১০টায় একটি চপারে যশোরে পৌঁছাই। আমার সঙ্গে ছিলেন শুধু একজন স্টাফ অফিসার, আর ছিল আত্মসমর্পণ দলিলের খসড়া। ভারত সরকার তখনো এর অনুমোদন দেয়নি।যশোরে অবতরণ করেছিলাম হেলিকপ্টার বদল করতে, যাতে জ্বালানি সমস্যায় না পড়ি। যাশোরে তখনো গোলাগুলির শব্দ শুনেছিলাম। নবম পদাতিক ডিভিশন খুলনার দিকে সক্রিয় ছিল। আমি তাদের অবিলম্বে গোলাবর্ষণ থামানোর নির্দেশ দিই। কারণ তখন যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেছে। ভারতের সেনা সদর দপ্তর থেকে একটি বার্তা পেয়ে একজন কর্মকর্তা আমার দিকে হন্তদন্ত হয়ে এলেন। আমি ভেবেছিলাম, আত্মসমর্পণের দলিল অনুমোদনের খবর হয়তো এসেছে। কিন্তু আদেশটি পড়ে আমি তাজ্জব। সেখানে লেখা, ভারত সরকার জেনারেল নিয়াজির সঙ্গে তাঁর মধ্যাহ্নভোজ অনুমোদন করেছেন। অথচ এ বিষয়ে আমি তাঁদের কাছে অনুমোদন চাইনি। আমি ঢাকার দিকে অগ্রসর হলাম।প্রথম আলো: ঢাকার আকাশে অবতরণকালে আপনি আসলে কী ধরনের ঝুঁকি মোকাবিলা করেছিলেন?জ্যাকব: ঢাকায় নামার সময় দেখি, পাকিস্তানি পদাতিক বাহিনীর কামান তাক করা আছে। আমাকে বহনকারী চপারের পাইলট ছিলেন এয়ার কমোডর পুরুষোত্তম। ফাঁপরে পড়ে তিনি ফিরে যেতে চাইলেন। কিন্তু আমি তাঁকে অবতরণের নির্দেশ দিই। আমার নজরে এল, একটি পাকিস্তানি হেলিকপ্টার বার্মার পথে ঢাকা ছাড়ছে। বিমানবন্দরে ১৮টি পাকিস্তানি যুদ্ধবিমান টারমাকে সারিবদ্ধ, যা পরে শুনেছি গুলিবিদ্ধ বা অচল ছিল। প্রায় সাড়ে ১১টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করি। সেখানে জাতিসংঘের একটি প্রতিনিধিদল এবং আন্তর্জাতিক মিডিয়া টিম আমাকে ঘিরে ধরে। সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হই।প্রথম আলো: জাতিসংঘের কর্মকর্তাদের কী ভূমিকা লক্ষ করেছিলেন?জ্যাকব: জাতিসংঘের প্রতিনিধি মার্ক হেনরি ও জন কেলির সঙ্গে সাক্ষাৎ হলো। তাঁরা আমার সঙ্গে থেকে সরকারের দায়িত্বভার গ্রহণে এবং জাতিসংঘের তদারকিতে নিয়াজির যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে আগ্রহ দেখালেন। আমি তাঁদের বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানালাম। কথা বাড়ালাম না। আমার মনোভাবে তাঁরা অসন্তুষ্ট মনে হয়েছিল। প্রথম আলো: বিমানবন্দরে নিয়াজির পক্ষের কাদের দেখলেন?জ্যাকব: পাকিস্তানি ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার বকর সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ ঘটল। তাঁরা আমার জন্য একটি গাড়ি পাঠিয়েছিলেন। গাড়িতে বকর আমার সঙ্গী হলেন। তখনো কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সৈন্যদের মধ্যে বিক্ষিপ্তভাবে গোলাগুলি চলছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে কয়েক শ গজও যেতে পারিনি, আমাদের গাড়ি থামানো হলো। একদল মুক্তিবাহিনী আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ল। আমি গাড়ি থেকে লাফ দিয়ে নামলাম। চিৎকার করে বললাম, আমরা ভারতীয় সেনাবাহিনী। তারা আমার জলপাই রঙের উর্দি দেখতে পেল। গুলি বন্ধ করল। তারা পাকিস্তানি ব্রিগেডিয়ারকে হত্যা করতে চেয়েছিল। আমি তাদের বললাম, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং জেনেভা কনভেনশন বলবৎ রয়েছে। সুতরাং তাদের উচিত গোলাগুলি থামানো। তারা অনিচ্ছা সত্ত্বেও আমাদের যেতে দিল। পরিহাস হচ্ছে, টাইম ম্যাগাজিনের সংবাদদাতা যিনি সেখানে ছিলেন, তিনি উল্লেখ করেছিলেন, আমি তাদের হত্যার হুমকি দিয়েছিলাম। আমি বললাম, এমন তো কিছুই ঘটেনি। আমি যে গুলি করব, সে জন্য তো অস্ত্র লাগবে। আমার কাছে কোনো অস্ত্র ছিল না। ১২টার একটু পরে নিয়াজির সদর দপ্তরে আমরা পৌঁছালাম।প্রথম আলো: সেখানে আপনি জেনারেল নাগরাকে দেখেছিলেন? তাঁর ভূমিকা কী ছিল?জ্যাকব: মাত্র কিছুদিন আগে নাগরা নতুন দায়িত্ব পেয়েছিলেন। জামালপুরের যুদ্ধে জেনারেল গুর বক্স গিল আহত হলে জেনারেল নাগরা তাঁর স্থলাভিষিক্ত হন। আমি দেখলাম, জেনারেল নাগরা একটি সোফায় বসে নিয়াজির সঙ্গে কুরুচিপূর্ণ রসিকতায় লিপ্ত। নাগরা এর আগে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে প্রতিরক্ষা অ্যাটাশের দায়িত্বে ছিলেন। সেই সূত্রে নিয়াজির সঙ্গে তাঁর আলাপ ছিল। আমি নাগরাকে বাইরে ডেকে নিলাম এবং আমি তাঁকে তাঁর অবমাননাকর আচরণের জন্য ভর্ৎসনা করলাম। পরে জেনে আরও লজ্জিত হয়েছিলাম যে নাগরা ফরমান আলীর ব্যবহার করা একটি নতুন মার্সিডিজ গাড়ি সঙ্গে করে ভারতে নিয়ে গিয়েছিলেন। সে জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল।আত্মসমর্পণের অনুষ্ঠান সংগঠিত করতে আমি নাগরাকে দুটি চেয়ার, একটি টেবিল জোগাড় করতে এবং ঢাকা শহর বিমানবন্দর, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও একটি যৌথ গার্ড অব অনারের আয়োজন করতে বললাম। আমার শহরে পৌঁছার একটু আগে নাগরা তিনটি জিপে সাদা পতাকা উড়িয়ে পাকিস্তানি সেনাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে মিরপুর থেকে নিয়াজির দপ্তরে পৌঁছেছিলেন। আমার ব্যবহারের জন্য আমি তাঁকে একটি জিপ দিতে বলেছিলাম। (চলবে)