তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার অবকাশ নেই: আইনমন্ত্রী (ভিডিও)
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। সর্বোচ্চ আদালত রায়ের মাধ্যমে এটা বাতিল করে দিয়েছেন। কাজেই বিধানটি সংবিধানে সংযুক্ত করার কোনো অবকাশ নেই।’আজ শনিবার সকালে জাস্টিস ফর অল প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে আইন মন্ত্রণালয় ও ইউএসএইড।অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সংলাপ না হওয়ার কোনো কারণ দেখছি না। সবার দাবি, নির্বাচন গ্রহণযোগ্য হোক, সুষ্ঠু হোক। নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছু করবে নির্বাচন কমিশন। সে সময় যে সরকার থাকবে, তারা দৈনন্দিন কাজ পরিচালনা করবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এটা হচ্ছে।’ আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রূপরেখার জন্যই আলোচনায় বসা দরকার।বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘গত দুদিনের অগ্রগতিতে আমি সন্তুষ্ট। সংলাপ বা গঠনমূলক সংলাপের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ বেরিয়ে আসতে পারে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য।’সাভারের ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ ধরনের ট্র্যাজেডি বন্ধ হলে বাংলাদেশের পক্ষে এশিয়ান টাইগার হওয়া সম্ভব বলে তাঁর বিশ্বাস।অনুষ্ঠানের আয়োজকেরা জানান, ইউএসএইডের আর্থিক সহায়তা ও ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টসের এ প্রকল্প ন্যায়বিচার প্রাপ্তি, লৈঙ্গিক সমতা ও আইনগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।অনুষ্ঠানে ইউএসএইডের জাস্টিস ফর অল প্রোগ্রামের অ্যাক্টিং চিফ অব পার্টি ভায়োলেইন অথেম্যান সূচনা বক্তব্য দেন। তিনি এর বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া আইনসচিব এ এস এম জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম বক্তব্য দেন।