তত্ত্বাবধায়ক বিষয়ে গণভোট দাবি আনোয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে জনগণের অবস্থান জানতে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকার কক্সবাজারবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম হায়দার।এম কে আনোয়ার বলেন, বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। এতে দুইবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় নির্বাচন করার কথা থাকলেও সরকার তা বাতিল করেছে। জনগণ এই সংশোধনী মানে না দাবি করে তিনি বলেন, ‘অন্তত ২০০টি দেশের সংবিধান ঘেঁটে দেখেছি। কোথাও এমন সংবিধান নেই। তাই সংবিধান সম্পর্কে জনগণের মতামত জানতে চাইলে প্রয়োজনে গণভোট দিন। তাহলে প্রকৃত অবস্থা বুঝতে পারবেন।’এম কে আনোয়ার অভিযোগ করেন, সরকার ঢাকাসহ সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলখানায় ঢোকাচ্ছে। এর মাধ্যমে সরকার সারা দেশ কারাগারে পরিণত করেছে। এভাবে হামলা করে, মামলা দিয়ে, নেতা-কর্মীদের জেলে ঢুকিয়ে আন্দোলন দমানো যাবে না। আজ কেবল ঢাকা নয়, সারা দেশে ‘মুক্তি চাই, মুক্তি চাই’ স্লোগান চলছে।বিএনপির এই নেতা ১৮ দলের সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।মানববন্ধনে আরও বক্তব্য দেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম মাহতাব, শহিদুজ্জামান প্রমুখ।