তত্ত্বাবধায়ক মানা ছাড়া বিকল্প নেই (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উদ্দেশে বিএনপির সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, আজ হোক কাল হোক, তত্ত্বাবধায়কের দাবি মানতেই হবে। এ দাবি মানা ছাড়া আর কোনো বিকল্প আপনাদের হাতে নেই।আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের এক বিক্ষোভ সমাবেশে তরিকুল ইসলাম এ কথা বলেন।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হকের মুক্তি ও রুহুল কবীর রিজভীর মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ হয়।নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য উল্লেখ করে তরিকুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার সংলাপের কথা বলে অনর্থক উত্তাপ ছড়িয়ে বিদ্যমান সংকটের বরফ গলানোর চেষ্টা করছে। আমাদের নেত্রী বলেছেন, ফর্মুলা একটাই—নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।’

সৈয়দ আশরাফুল ইসলাম গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দেন, তত্ত্বাবধায়ক সরকার-ইস্যুতে সৃষ্ট সংকট নিরসনে বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক পর্যায়ে যোগাযোগ হচ্ছে। তাদের সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনা হবে।সরকারের উদ্দেশে তরিকুল ইসলাম বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ও সংবিধান সংশোধন করতে হবে। নইলে দেশ সঠিক পথে যাবে না। আর এর দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে। সরকার টেলিভিশন চ্যানেল তথা গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তরিকুল। সরকারের এ ধরনের চেষ্টার সমালোচনা করেন তিনি।