তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা নয়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।’আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমীতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শুরুতে জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংসদ তারানা হালিম।বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবির সমালোচনা করে হানিফ বলেন, ‘আসলে বিএনপি ও এ দেশের সুশীল সমাজ কী চায়, তা আমাদের কাছে পরিষ্কার নয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাই সেদিকে কারও কোনো আগ্রহ নেই।’আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, গত সাড়ে চার বছরে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই বিতর্কিত হয়নি। মাগুরা উপনির্বাচন ও ঢাকা-১০ আসনের উপনির্বাচন এর প্রমাণ। আগামী ৫ মে মালয়েশিয়ায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে বলে উদাহরণ দেন হানিফ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আসুন, আমরা আলোচনায় বসি।’ তাঁর মতে, জাতীয় নির্বাচনের সময় আস্থার সংকট হয়েছে বিএনপির কারণে।বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘মালয়েশিয়ায় গিয়ে দেখে আসুন, সেখানে কীভাবে নির্বাচন হচ্ছে। তারপর দেশে এসে প্রস্তাব দিন। আমরা সেটা নিয়ে আলোচনা করব।’ফটিকছড়ির সহিংসতা প্রসঙ্গে বিএনপির সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘তাঁদের বক্তব্য শুনে মনে হয়েছে, তাঁরা কি রাজনীতিবিদ? তাঁদের কথা তো সন্ত্রাসীদের মতো। রাজনীতিবিদ নয়, জনগণ আপনাদের সন্ত্রাসী রূপে আখ্যায়িত করবে। তাই রাজনীতি ছেড়ে দিয়ে সন্ত্রাসীদের খাতায় নাম লেখান, নয় তো মতাদর্শ বদলান।’ তিনি বলেন, ‘আপনারা ফটিকছড়ির ঘটনার নিন্দা তো জানানইনি, বরং আরও উসকে দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি।’হেফাজতে ইসলামের ১৩ দফাকে মধ্যযুগীয় দাবি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, ‘ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকুন। জামায়াত-শিবিরের ফাঁদে পা দেবেন না। আপনাদের আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে চাই না।’হানিফ বলেন, ‘মাহমুদুর রহমান তাঁর নিজ কর্মকাণ্ডের কারণে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেপ্তার হয়েছেন। হেফাজতে ইসলাম কেন তাঁর মুক্তি দাবি করবে? মাহমুদুর রহমানের কার্যালয়ে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা প্রসঙ্গে যে কানাঘুষা চলছিল, তাহলে সেটা সঠিক? আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ রয়েছে। দয়া করে তা অটুট রাখুন।’বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, ড. এনামুল হক প্রমুখ।