তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের আহ্বান মুনের
তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনীতিবিদদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানী একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। এ পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচন জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বান কি মুন বলেন, ‘বাংলাদেশে কোন পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ক্ষেত্রে জাতিসংঘের কোনোকিছু বলার নাই। তবে জাতিসংঘ চায়, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন।’সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বাংলাদেশের একটি শক্তিশালী সুশীল সমাজ রয়েছে। ২০০৮ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়েছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে আমি যখন বাংলাদেশ সফর করি, তখন বলেছিলাম, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন চায় জাতিসংঘ। ২০১৪ সালে জাতীয় নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে।’