সংবিধানের ত্রয়োদশ সংশোধনী
তত্ত্বাবধায়কব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: আজমালুল হোসেন
অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) আজমালুল হোসেন কিউসি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে তিনি এ মত দেন। আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে নবম দিনের মতো শুনানি হয়। আজমালুল হোসেন কিউসি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমলে যাঁরা দায়িত্ব পালন করেন তাঁরা নির্বাচিত নন। সংবিধানের মূল কাঠামো অনুসারে নির্বাচিতরাই রাষ্ট্র পরিচালনা করবেন। তাই এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’কিউসি আরও বলেন, ‘গণতন্ত্র জনগণের শাসন। নির্বাচিত প্রতিনিধিরাই এ শাসন পরিচালনা করবে—এটা গণতন্ত্রের মূল চেতনা। প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়। তাই কে প্রধান বিচারপতি হবেন তা নিয়ে বিচারকদের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়। এতে নিরপেক্ষ থাকার বিধান ক্ষতিগ্রস্ত হয়। গণতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে, কোনো শূন্যতা থাকবে না। সাময়িকভাবে হলেও গণতন্ত্রকে বাদ দেওয়া যাবে না। কারণ, এটা আমাদের সংবিধান অনুমোদন দেয় না।’ প্রসঙ্গত, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট করলে ২০০৪ সালের ৪ আগস্ট আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। গত ১ মার্চ থেকে আপিল বিভাগে আপিলের ওপর শুনানি শুরু হয়।আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল রয়েছেন।