তত্ত্বাবধায়কের দাবিতে বিকল্পধারার দেশব্যাপী প্রতীকী অনশন ৪ মে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ৪ মে সারা দেশে প্রতীকী অনশন ধর্মঘট করবে বিকল্পধারা বাংলাদেশ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। দেশের রাজনৈতিক সংকটের মূল হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা। এই সংকটের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে বদরুদ্দোজা চৌধুরী বলেন, তাঁদের দাবি ও ১৮ দলের দাবি এক। তাই ভবিষ্যতে ১৮ দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা বাতিল করা যায় না। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে তাঁদের কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে সাভারে ভবনধসে নিহত লোকজনের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের কর্মোপযোগী না হওয়া পর্যন্ত চিকিত্সাসেবা ও ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।