তত্ত্বাবধায়কের বিল চান বিএনপির সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিল আনার দাবি জানিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির সাংসদেরা। আজ রোববার সকালে সংসদ টানেলের প্রবেশমুখে বিএনপির সাংসদেরা এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসনের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করেন দলের সাংসদেরা। আজ বিকেলে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি এখনো সংসদে যেতে প্রস্তুত। সংসদে যেতে চায়। কিন্তু সেখানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিল এনে সংবিধানে সংযোজন করতে হবে।’ তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কাঠগড়ায় এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে রেখে আমরা কীভাবে সংসদে যেতে পারি।’জয়নুল অভিযোগ করেন, সংসদে গেলে তাঁদের কথা বলতে দেওয়া হয় না। ফেলানীর লাশ, সরকারের দুর্নীতি, হল-মার্ক কেলেঙ্কারি, কালো বিড়ালের কেলেঙ্কারি নিয়ে কথা বলা যাবে—এমন সংসদে যেতে চান তাঁরা। রাষ্ট্রপতির উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সংসদে গিয়ে আপনি যখন বক্তব্য দেবেন, তখন দেখবেন বাঁ দিকের অনেক আসন ফাঁকা। একবারও কি আপনি সংসদ নেতাকে জিজ্ঞেস করেছেন, কেন সংসদ বিরোধী দলবিহীন?’ মানববন্ধনে বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন, মাহমুদুল হাসান, আমজাদ হোসেন, সংরক্ষিত আসনের নারী সদস্য সৈয়দা আফিয়া আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার প্রমুখ বক্তব্য দেন।