তত্ত্বাবধায়ক আইন পাস হয়েছিল খুনিদের সংসদে বসিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করা হয়েছিল। খুনিদের প্রণীত আইন জনগণের জন্য কল্যাণকর হতে পারে না। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানকে বাহাত্তর সালের মূল চেতনায় ফিরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে সংবিধান লঙ্ঘন করে আর কেউ কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশ এখন আর কোনো জঙ্গিবাদের দেশ নয়। উদার গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বে আমাদের পরিচিতি ঘটেছে।’ গত রোববার নিউইয়র্কে হোটেল হিলটনে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।বিরোধী দল বিএনপির আন্দোলন ও হরতাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যে তারা হরতাল-টরতাল ডাকুক। দিন-তারিখ ঠিক করে মাসে একবার হরতালের ডাক দিলেই হয়। এতে লোকজন বিশ্রাম পাবে।’ হরতালকে ‘পরিবেশবান্ধব’ উল্লেখ করে তিনি বলেন, হরতাল চলাকালে বিরোধী দলের নেতা-কর্মীদের কলকারখানায় ঠিকই কাজকর্ম চলে।শেখ হাসিনা বলেন, ‘জামায়াতে ইসলামীকে আর ধ্বংসাত্মক কার্যক্রম ও ভাঙচুর করতে দেওয়া হবে না। দেশে জঙ্গি-তৎপরতা বন্ধ রয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে চলছে। উন্নয়ন ও অগ্রগতির পক্ষে চলমান এ প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি মহল তৎপর হয়ে উঠেছে।’যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, অর্থনীতিবিদ আবুল বারকাত, আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান, নিজাম চৌধুরী ও সাজ্জাদুর রহমান।শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়কে স্বর্ণযুগ বলা যায়। ২০০১ সালের পর জনগণের স্বপ্ন চুরমার হওয়া শুরু করে। বিএনপি ও তাদের জোট সরকার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করে তোলে। জঙ্গি, সন্ত্রাসীদের উর্বর দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হয়ে ওঠে। অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি, হত্যা, ধর্ষণের ঘটনা ২০০১ সালের পরবর্তী সময়ে চরমে পৌঁছায়। তিনি বলেন, এ সময়ে ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয়, দেড় হাজার সাংবাদিক হয়রানির শিকার হন। গুপ্তহত্যা ও ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড শুরু করে বিএনপি-জামায়াত চক্র।প্রধানমন্ত্রী বলেন, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান হয়েছে জোট সরকারের মদদে। দুর্নীতি করে লোকজন আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তিনি বলেন, ‘অর্থ পাচারকারীদের খুঁজে বের করতে আমাদের উদ্যোগ নিতে হয়নি। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায়ে এসব চোরাকারবারি ও অর্থ পাচারকারীর তথ্য বেরিয়ে এসেছে।’শেখ হাসিনা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর পদ অস্থায়ী—যখন জনগণ ভোট দেবে না, তখন ক্ষমতায় থাকব না। কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যারা ক্ষমতার জৌলুসে থাকে, তাদের অনেক বদ অভ্যাসও আরও খারাপের দিকে যায়।’ নাম উল্লেখ না করে তিনি বলেন, ওই ক্ষমতালিপ্সুরা ক্ষমতাচ্যুত হলে উন্মাদ হয়ে ওঠে।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশে এখন শান্তি বিরাজ করছে। যারা চুরি করেছে, হত্যা-লুণ্ঠন করেছে এবং যুদ্ধাপরাধ করেছে, বাংলাদেশে এখন কেবল তারাই অশান্তিতে আছে বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের বহু নগরের চেয়েও ঢাকায় অপরাধের হার কম বলে তিনি উল্লেখ করেন।বিএনপির বিক্ষোভ: সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হোটেল হিলটন-সংলগ্ন সড়কপথে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকেরা দলীয় কোনো ব্যানার না নিয়ে হোটেল-সংলগ্ন সড়কপথের বিভিন্ন মোড়ে অবস্থান নেন। রোববারের বিক্ষোভ সমাবেশে জামায়াতের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ করা গেছে।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠন: শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের পর দলীয় সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে দলের তিনটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন।