সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রয়োজন নেই। ওই সময় তারা সংবিধান লঙ্ঘন করে গোষ্ঠীস্বার্থে বিশেষ মহলের তল্পিবাহক হিসেবে কাজ করেছে। দুদক আইন সংশোধন ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, দুদককে নিরঙ্কুশ ক্ষমতা দিলে সেনাপ্রধানও নিরঙ্কুশ ক্ষমতা চাইবেন। তাই তত্ত্বাবধায়ক আমলের মতো ক্ষমতার অপব্যবহারকারী দুদকের প্রয়োজন নেই।গতকাল সোমবার সংসদ ভবনে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সভায় দুদক ও স্থানীয় সরকার বিভাগের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।মহীউদ্দীন খান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নিযুক্তীয় কর্তৃপক্ষ নির্বাচিত কর্তৃপক্ষের ওপর স্থান পেতে পারে না। দুদক, নির্বাচন কমিশন, পিএসসি নিযুক্তীয় কর্তৃপক্ষ। এগুলোর স্থান কখনোই সংসদের ওপরে নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদককে অবশ্যই আইন অনুযায়ী কাজ করতে হবে। বাংলাদেশের কোনো সংস্থা সরাসরি কোনো বিদেশি সাহায্য নিতে পারে না। কিন্তু তৎকালীন দুদক সরাসরি বিদেশি সাহায্য নিয়েছে। এমনকি ওই সময়ের দুদক চেয়ারম্যান বিনা দরপত্রে কমিশনের আসবাব কেনাবেচা করেছেন। এর বিচার কে করবে? তিনি বলেন, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করল, তাদের কিছু হলো না। অথচ দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করা হলো রাজনীতিবিদদের।মহীউদ্দীন খান বলেন, ‘ওই সময় প্রথম আলো ও ট্রান্সকমের মালিক লতিফুর রহমানকে দুর্নীতিবাজদের তালিকাভুক্ত করা হয়েছিল, দুদক নোটিশ দিয়েছিল। সেই নোটিশ এখন কোথায়?এ বিষয়ে যোগাযোগ করা হলে ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের আইনবিষয়ক প্রধান ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, মহীউদ্দীন খান আলমগীরের ওই বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান বা ট্রান্সকম গ্রুপের কোনো প্রতিষ্ঠানকে দুদক কোনো দিন কখনোই কোনো ধরনের নোটিশ দেয়নি। মহীউদ্দীন খান আলমগীরের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের ভিত্তিহীন বক্তব্যে তিনি বিস্ময় প্রকাশ করেন।রাতে এ বিষয়ে মন্তব্য জানতে মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।মহীউদ্দীন খান সাংবাদিকদের আরও বলেন, ‘ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদের আমলে দুদক বিনা দোষে রাজনীতিবিদদের হয়রানি করেছে। আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে বিবৃতি দিতে বলেছিল। বিবৃতি দিইনি বলে গ্রেপ্তার করেছে, সাজা দিয়েছে, কিন্তু কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।’দুদক আইনের সংশোধন সম্পর্কে অধ্যাপক মোজাফ্ফর আহমদের বক্তব্যের প্রতিবাদ করে মহীউদ্দীন খান বলেন, ‘আইনের ফাঁকফোকর গলিয়ে নয়, আইনের মাধ্যমেই আমরা মুক্ত হয়েছি। এরপর জনগণের রায়ে নির্বাচিত হয়ে সংসদে এসেছি। কিন্তু তিনি (মোজাফ্ফর আহমদ) বিদেশি টাকার বিনিময়ে জনগণের সমর্থন ছাড়াই কথা বলছেন। তাঁর বক্তব্য আদালত ও জনগণের সমর্থনকে অবমাননার শামিল।’ এ বিষয়ে মোজাফ্ফর আহমদের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাঁকে পাওয়া যায়নি।মহীউদ্দীন খানের সভাপতিত্বে কমিটির সভায় আলী আশরাফ, এম কে আনোয়ার, ইমাজ উদ্দিন প্রামাণিক, ছায়েদুল হক, এ কে এম রহমতুল্লাহ, খান টিপু সুলতান, আবদুস সালাম, নারায়ণ চন্দ্র চন্দ ও ফরিদা আখতার বৈঠকে অংশ নেন।সভায় স্থানীয় সরকার বিভাগের ’৯১ থেকে ’৯৬ সাল পর্যন্ত সময়ে পাঁচজন নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি, সোনালী ব্যাংকের রপ্তানির বিপরীতে ঋণপত্রের (এলসি) বিদেশি মুদ্রা আত্মসাৎ, ঋণ আদায়ে ব্যর্থতা ও রূপালী ব্যাংকের আমানতকারীর টাকা আত্মসাতের বিষয়ে আলোচনা হয়। সভায় ব্যাংক ঋণ পরিশোধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক কারণ দেখিয়ে কেউ যাতে ব্যাংক ঋণ পরিশোধ থেকে রেহাই না পান, সে জন্য অনাদায়ী ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।