তত্ত্বাবধায়ক ইস্যুতে আলোচনার জায়গা সংসদ: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর সমাধান আদালতে হয়েছে। তবে যেকোনো বিষয়েই সংবিধান ও আইনের সঙ্গে সংগতি রেখে আলোচনা করা সম্ভব। কিন্তু সে জন্য বিরোধী দল বিএনপিকে জাতীয় সংসদে আসতে হবে।১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে সৈয়দ আশরাফ বলেন, যদি তত্ত্বাবধায়ক ইস্যুতে নতুন কোনো আইন করা বা পুরোনো আইন সংশোধন করার দরকার হয়, তবে তার একমাত্র স্থান হল সংসদ।আশরাফ আরও বলেন, নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিয়োগ করবেন, সেই ক্ষমতা সাংবিধানিকভাবে একমাত্র রাষ্ট্রপতির। তিনি বলেন, রাষ্ট্রপতি সবার সঙ্গে পরামর্শ করে যেটা দেশের জন্য মঙ্গলজনক, সেই সিদ্ধান্ত নেবেন। তিনি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।