তত্ত্বাবধায়ক এলে ক্ষমতায় যাবেন, নিশ্চয়তা কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আবার তত্ত্বাবধায়ক সরকার এলেই যে ক্ষমতায় যাবেন, তার নিশ্চয়তা কী।’গতকাল রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।খালেদা জিয়ার উদ্দেশে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এলে যে আবার আপনাকে জেলে যেতে হবে না, তা কীভাবে মনে করেন? জেলে যেতেও তো হতে পারে। অনেক শখ করে ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন, মইনুদ্দিনকে এনেছিলেন। তাঁরা তো আপনাকে ক্ষমতায় বসাতে পারেননি।’প্রধানমন্ত্রী চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচিকে ‘রোড শো’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘রোডমার্চ মানে পায়ে হেঁটে কর্মসূচি পালন। কিন্তু বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গাড়িতে চড়ে কার-র‌্যালি করলেন। অনেকটা গাড়িতে চড়িয়া উনি হাঁটিয়া চলিলেন।’শেখ হাসিনা বলেন, ‘রোড শোতে তাঁরা দুই হাজার দামি দামি গাড়ির প্রদর্শন করলেন। এত গাড়ির টাকা কোথায় পেল? প্রতিটি গাড়ির নম্বর-প্লেট নিয়ে খুঁজে বের করতে হবে, কোথা থেকে এসব গাড়ি এসেছে। গাড়ি কেনার টাকার উৎস কোথায়, তার হিসাব নিতে হবে।’শেখ হাসিনা বলেন, জনগণের অর্থ-সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করবে, দুর্নীতি করবে, জঙ্গিবাদ সৃষ্টি করে, গ্রেনেড মেরে মানুষ মারবে, অথচ তাদের কিছু করা যাবে না—এমনটা জনগণ মেনে নেবে না। সন্ত্রাস, দুর্নীতি ও গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচার হবে।প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গতকাল গাজীপুর জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দুপুর থেকেই বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা যানবাহনে করে জনসভাস্থলে আসতে থাকেন। বিকেল চারটা ১০ মিনিটে শেখ হাসিনা সমাবেশ মঞ্চে আসেন। এ সময় সমবেত জনতা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।খালেদা জিয়া এখনো ‘বিধবা-ভাতা’ নিচ্ছেন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসেও তা বন্ধ করিনি।’ তিনি বলেন, ‘সরকারি ভাতা নিয়ে দুই ছেলেকে পড়াশোনা করিয়ে তারা কী পাস করেছে? দুর্নীতি, গ্রেনেড হামলা, জঙ্গিবাদ ও মাদকে পাস হয়েছে দুই ছেলে।’বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরাজ করলেও সরকার সাধারণ নাগরিকদের মধ্যে কম মূল্যে খাদ্য সরবরাহ করার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের পাশের দেশেই ৭০-৮০ টাকা কেজিতে চাল বিক্রি হচ্ছে। কিন্তু আমরা বেশি দামে চাল কিনে কম দামে তা সাধারণ মানুষের মধ্যে বিক্রি করছি। দরিদ্রদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করছি।’শামসুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, সাংসদ রহমত আলী, মেহের আফরোজ, জাহিদ আহসান রাসেল, আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।জনসভার আগে প্রধানমন্ত্রী দুপুরে মাওনায় দেশের সর্ববৃহৎ ইংরেজি মাধ্যমের আবাসিক স্কুল এবং ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্লেজ হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমি উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী উপস্থিত ছিলেন।