চার দলের রোডমার্চ শেষে খুলনায় জনসভায় খালেদা জিয়া
তত্ত্বাবধায়ক ও সেনাবাহিনী ছাড়া নির্বাচন হবে না
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সেনাবাহিনী ছাড়া কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। কিন্তু এটা পূরণ হবে না। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না।খুলনা অভিমুখে চারদলীয় জোটের তৃতীয় রোডমার্চের শেষ দিনে গতকাল রোববার দুপুরে যশোরের পথসভায় খালেদা জিয়া এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন বলেন, সেনাবাহিনী ছাড়া এ দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী নামানো হয়েছিল বলেই সেখানে বিএনপি জয়লাভ করেছে। নারায়ণগঞ্জে সেনাবাহিনী দেয়নি তাদের দলের মাস্তানকে নির্বাচিত করার জন্য। কিন্তু সেখানে বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে তাদের সেই মাস্তান প্রার্থী পরাজিত হয়।খালেদা জিয়া নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের বিপক্ষে তাঁর দলের অবস্থান তুলে ধরে বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন ভোট দেওয়ার জন্য নয়, ভোট কারচুপির মেশিন।বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানের জনসভায়ও একই দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, এ সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এটা গণবিপ্লবে পরিণত হবে। তিনি বলেন, চট্টগ্রামের রোডমার্চের পর সরকার পতনে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সে কর্মসূচিতে তিনি সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, বর্তমান সরকার বাংলাদেশকে পরিকল্পিতভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে সব ধরনের ব্যবস্থা করেছে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে নিজ দেশকে অন্য দেশের হাতে তুলে দেবেন, নাকি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করবেন। তিনি বলেন, এ সরকার দুর্বল ও দুর্নীতিবাজ সরকার। দর-কষাকষিতে পররাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিস্তা চুক্তি হয়নি। এ সরকার টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি, ভারত থেকে মাদক প্রবেশ বন্ধ করতে ব্যবস্থা নেয়নি, তরুণদের ধ্বংস করছে। দুর্নীতির কারণে পদ্মা সেতু হয়নি, রাস্তাঘাট হয়নি, শেয়ারবাজার ধ্বংস হয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে।যশোরের ঈদগাহ ময়দানের পথসভায় খালেদা জিয়া বলেন, সরকারের বয়স যত বাড়ছে, তাদের অবস্থা ততই খারাপ হচ্ছে। এ সরকারের মন্ত্রীরা সব অযোগ্য, অপদার্থ ও ব্যর্থ। এদের দিয়ে দেশের উন্নয়ন হবে না। এরা লুটপাটে ব্যস্ত, ব্যস্ত কমিশন নেওয়া নিয়ে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ যত লীগ আছে, তাদের লুটপাটের ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে। এসব লীগ যতই মানুষ খুন করুক না কেন, তাদের কেউ কিছু বলবে না। এরা নিজেরা নিজেরাই মারামারি করছে। কিছুদিন আগে নরসিংদীতে একজন মেয়র খুন হন। এর সঙ্গে এক মন্ত্রীর ভাই জড়িত বলে নিহতের পরিবারই অভিযোগ করেছে।’সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট এ রোডমার্চ করছে। গতকাল খুলনার জনসভার মধ্য দিয়ে তৃতীয় রোডমার্চ কর্মসূচি শেষ হলো। এর আগে গত মাসে সিলেট ও উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তী রোডমার্চ চট্টগ্রাম অভিমুখে হওয়ার কথা রয়েছে।খুলনা অভিমুখে রোডমার্চের প্রথম দিনে গত শনিবার খালেদা জিয়া পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়া ও ঝিনাইদহে ভাষণ দেন। এরপর তিনি রাতে যশোরের সার্কিট হাউসে অবস্থান করেন। গতকাল দুপুরে যশোরের ঈদগাহ মাঠে বক্তব্য দেন। যশোরে পথসভা করার কথা থাকলেও সেখানে বিপুলসংখ্যক মানুষ জমায়েত হয়ে বড় জনসভায় পরিণত হয়। যশোর থেকে খালেদা জিয়া বাগেরহাটে গিয়ে খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করেন। বাগেরহাটে মাজার মাঠে স্থানীয় বিএনপি পথসভার আয়োজন করলেও সেখানে ভাষণ দেননি খালেদা জিয়া। বিকেলে তিনি খুলনায় পৌঁছে খুলনা সার্কিট হাউস ময়দানে জনসভায় ভাষণ দেন। রোডমার্চকে খুলনা, যশোর ও বাগেরহাটজুড়ে বিএনপিসহ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। যাত্রাপথের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, তোরণ বানিয়ে এবং সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে খালেদার গাড়িবহরকে স্বাগত জানায়।খুলনার জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহান, এলডিপির সভাপতি অলি আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিজেপির সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।জনসভায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী দিশেহারা হয়ে গেছেন। তিনি কোনো কাজ করতে পারেন না, তাঁর কোনো কাজ নেই। এ জন্য তিনি বিএনপির রোডমার্চের গাড়ির নম্বর লিখছেন। কাঁচি নিয়ে বসে আছেন বিদ্যুতের তার কাটার জন্য। গাড়ির মালিক খুঁজছেন, কাকে বাড়ি থেকে বের করবেন, এসবই তাঁর কাজ। এভাবে দেশ কীভাবে চলবে।’ তিনি অভিযোগ করেন, এ সরকার ও তাদের দলীয়রা দুর্নীতির টাকায় ভেসে যাচ্ছে, জনগণ কিছু পাচ্ছে না। শেয়ারবাজার ধ্বংসের কারণে দেড় কোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনীসহ সব প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। এদের কারণে ভবিষ্যতে দেশ চালানো কঠিন হয়ে যাবে।খালেদা জিয়া বলেন, এই দিনে (২৭ নভেম্বর) স্বৈরাচারী এরশাদ ডা. মিলনকে হত্যা করেছিলেন। তাঁকে পাশে বসিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, খুলনার মানুষের জন্য বর্তমান সরকার কিছু করেনি। তারা শিল্প নষ্ট করেছে, মংলা বন্দর অচল করেছে, গ্যাস দেয়নি, রাস্তা করেনি।খালেদা জিয়া বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে বলেন, এটা করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আন্দোলনে বিএনপি পাশে থাকবে। বিএনপির চেয়ারপারসন বলেন, ভারতের কাছ থেকে নেওয়া ঋণের টাকায় আগে এ দেশের রাস্তাঘাট নির্মাণ করতে হবে। তারপর দেখা যাবে অন্য দেশের যানবাহন চলাচলের রাস্তা নির্মাণ হবে কি না। চড়া সুদে নেওয়া এই ঋণের টাকা কীভাবে খরচ হবে, তা এ দেশের মানুষ ঠিক করবে।খালেদা জিয়া টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটা করা হলে বিএনপি পাশে থাকবে। আর প্রতিবাদ করতে না পারলে ক্ষমতা ছাড়ুন। জনগণ দেখবে, তারা কী করতে পারে। তিনি আইলাদুর্গত ব্যক্তিদের পুনর্বাসন ও সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের আহ্বান জানান।খালেদা জিয়া বিএনপি ও শরিক দলের নেতাদের মুক্তির দাবি করেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বিএনপি চায়। তবে তা হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান, বাগেরহাট প্রতিনিধি আহাদ হায়দার ও যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম]