তত্ত্বাবধায়ক কীভাবে আনতে হয় শিখিয়ে দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, ‘এই সংসদ পুরোপুরি অকার্যকর। এখানে জনস্বার্থ নিয়ে কোনো ধরনের কথা বলা যায় না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কীভাবে ফিরিয়ে আনতে হয়, সেটা আমরাও আপনাকে শিখিয়ে দেব।’ আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, স্বৈরশাসক এরশাদ পালানোর সুযোগ পাননি। এই সরকারের অবস্থা তার চেয়েও খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।প্রথম আলোর তিন সাংবাদিককে পুলিশ পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘কেন দোষী পুলিশদের গ্রেপ্তার করা হলো না?’ তিনি দোষী পুলিশদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘সরকারের যখন আর নিজের ওপর আস্থা থাকে না তখন গণমাধ্যমের ওপর নিপীড়ন চালায়।’