তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসব্যাপী কর্মসূচি ১০ অক্টোবর সিলেট অভিমুখে রোডমার্চ  ১১ অক্টো. সিলেটে জনসভা  ১৮ অক্টো. রাজশাহী অভিমুখে রোডমার্চ ও বগুড়ায় জনসভা  ১৯ অক্টো. রাজশাহীতে জনসভা  ২৫ অক্টো. চট্টগ্রামের উদ্দেশে রোডমার্চ ও ফেনীতে জনসভা  ২৬ অক্টোবর চট্টগ্রামে জনসভাবিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলের আহ্বানে গতকাল মঙ্গলবার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন হবে এবং এতে সব দল অংশ নেবে।খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, সবার মতামতের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং সংবিধানে গণভোটের ব্যবস্থা রাখতে হবে।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকারকে পদত্যাগ করতে হবে। জীবনের এই প্রান্তে এসে এই সরকারের বিরুদ্ধে কঠিন সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করছি এবং সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রহসন ছাড়া কিছু নয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একসময় জামায়াতে ইসলামীকে পাশে বসিয়ে রাজনীতি করেছেন। তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামায়াত তখন এত প্রিয় ছিল, আর এখন কেন এত খারাপ হলো? একসময় তো একসঙ্গে নির্বাচনও করেছেন। এখন যুদ্ধাপরাধের অভিযোগে যাঁদের বিচার করা হচ্ছে, এই বিচার মানুষ মানে না।’বিকেল পাঁচটা ১০ মিনিটে শুরু করে খালেদা জিয়া প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এই সরকারকে জনদুর্ভোগ সৃষ্টিকারী ও ব্যর্থ উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে রোডমার্চসহ বেশ কটি জনসভার কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচি: আগামী ১০ অক্টোবর সিলেট অভিমুখে ঢাকা থেকে রোডমার্চ শুরু হবে। ১১ অক্টোবর সিলেটে জনসভা অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে শুরু হওয়া রোডমার্চটি যাত্রাপথে বগুড়ায় জনসভা করবে। রাজশাহীতে জনসভা হবে ১৯ অক্টোবর। ২৫ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশে শুরু হবে রোডমার্চ। ওই দিন ফেনীতে জনসভা হবে। চট্টগ্রামে জনসভা হবে ২৬ অক্টোবর।সভার চিত্র: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটাই ছিল চার দলের উদ্যোগে প্রথম জনসভা। জনসভায় চার দলের শীর্ষস্থানীয় নেতা ও সমমনা দলগুলোর নেতারা বক্তব্য দেন। জনসভা শুরু হয় জোটের শরিক জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুদ্দিন মানিকের বক্তব্যের মাধ্যমে। এরপর একে একে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমমনা ব্যক্তিরা বক্তব্য দেন। বিকল্পধারা, এলডিপি ও কল্যাণ পার্টির নেতারা জনসভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।জনসভার সভাপতি ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা বিশাল জমায়েতের জন্য চার দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।জনসভাস্থল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ছাড়িয়ে পৌঁছে যায় পূর্ব দিকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত। আর পশ্চিম দিকে কাকরাইল মোড় হয়ে কাকরাইল মসজিদ পর্যন্ত। জনসভার কারণে এই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের এক পাশে সমাবেশ করতে ডিএমপির অনুরোধ থাকলেও তা মানার কোনো আগ্রহ ছিল না চার দলের নেতা-কর্মীদের। বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জনসভামঞ্চের আশপাশের সড়কগুলো জনতায় পূর্ণ হয়ে যায়। দুপুর ১২টার পর বিএনপির কার্যালয়ের সামনের কোনো স্থান আর ফাঁকা ছিল না। জনসভাস্থলে জামায়াত ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। জামায়াতের দুই নেতা ও ছাত্রশিবিরের সভাপতির বক্তব্যের সময় তাঁরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে। কাকরাইল ও ফকিরাপুলে বড় পর্দায় খালেদা জিয়ার বক্তব্য দেখানো হয়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলও তাঁর বক্তব্য সরাসরি প্রচার করে।বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি বহন করেন। বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও থানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে আসেন। টি-শার্ট ও ক্যাপে ‘চল যাই জনসভায়’ লেখা ছিল। বাসে করে আসেন রাজধানীর পার্শ্ববর্তী ছয়টি জেলার নেতা-কর্মীরা। দেশের অন্যান্য অঞ্চল থেকেও নেতারা জনসভায় হাজির হন। খালেদা জিয়ার বক্তব্য: খালেদা জিয়া বক্তব্যের শুরুতেই নেতা-কর্মীদের কাছে জানতে চান, ‘আপনারা কেমন আছেন?’ তারপর নিজেই বলেন, ‘আমি জানি, আপনারা ভালো নেই। এই সরকারের লুটপাট আর দুঃশাসনের কারণে মানুষ অতিষ্ঠ, এদের কারণে ভালো থাকা সম্ভব নয়। সকালে উঠে এরা (সরকার ও আওয়ামী লীগ) আল্লাহর নামে মিথ্যা কথা বলা শুরু করে। আর সারা দিন তা চালিয়ে যায়। ব্যস্ত থাকে লুটপাট আর দখলে।’ বক্তৃতার শেষ পর্যায়ে তিনি বলেন, ‘সবাই মিলে মারো টান, আওয়ামী লীগ হবে খান খান।’ব্যর্থতা আর আশ্বাস: বিরোধীদলীয় নেতা সরকারের তিন বছরের শাসনামলের ব্যর্থতা তুলে ধরে বলেন, এই সরকারকে বিদায় করতে হবে। এরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, গ্যাস-বিদ্যুৎ-পানি দিতে পারছে না, মানুষের চাকরি নেই, প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়েছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।পাশাপাশি তাঁরা সরকারে গেলে কী করা হবে, তা-ও তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেন, ক্ষমতায় গেলে সুশাসন নিশ্চিত করা হবে, বন্ধ করা হবে দুর্নীতি-লুটপাট-দখল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখা, প্রশাসনের কাজের গতি বাড়ানো, সবার মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন, দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সন্ত্রাস বন্ধ করা হবে। তিনি বলেন, এই সরকারের যাঁরা অন্যায় কাজে লিপ্ত আছেন, বিএনপি তাঁদের কাউকে ছাড় দেবে না।র‌্যাব-পুলিশ: বিরোধীদলীয় নেতা র‌্যাব ও পুলিশের কঠোর সমালোচনা করেন। র‌্যাব সম্পর্কে বলেন, এরা এখন আর রক্ষকের ভূমিকায় নেই; বরং গুপ্তহত্যা, খুনের মতো বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে। তিনি র‌্যাবকে কোনো ধরনের প্রশিক্ষণ ও সহায়তা না দিতে বিদেশিদের আহ্বান জানান।পুলিশ সম্পর্কে খালেদা জিয়া বলেন, দেশে বেওয়ারিশ লাশ বাড়ছে। তিন বছরে পাঁচ হাজার ৫৭৬টি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে মিলে এই অপকর্মে জড়িয়ে পড়েছে পুলিশও। এসব তথ্য-প্রমাণ বিএনপির কাছে আছে।প্রসঙ্গ শান্তি: নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল উপস্থাপন সম্পর্কে বিএনপির নেত্রী বলেন, ‘আপনারা শান্তির নামে দেশে অশান্তি প্রতিষ্ঠা করছেন। আগেও করেছেন, এখনো করছেন। ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে দেশে অশান্তি প্রতিষ্ঠা করেছেন।’চুক্তি: ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, চুক্তি হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। তিনি বলেন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই এরা চুক্তি করলে তা মানা হবে না।চ্যালেঞ্জ: খালেদা জিয়া বলেন, ‘ছি ছি ছি! লজ্জা! পুলিশ আপনাদের, সরকার আপনাদের, তার পরও পুলিশি পাহারা নিয়ে মিছিল করতে হয়। হরতালে বিএনপিকে বাধা দেওয়া হয়। গণতন্ত্র এখন পুলিশের বুটের নিচে পিষ্ট হচ্ছে।’খালেদা জিয়া সরকারকে সতর্ক করে বলেন, ‘সামনে অনেক বড় দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। পুলিশ বাদ দিয়ে আপনারা আসুন, আমরাও আসি, দেখেন কী হয়।’