বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, হলে তাতে বিএনপি ও জোটের দলগুলো অংশ নেবে না।গতকাল সোমবার বিকেলে ঢাকায় চারদলীয় জোটের গণমিছিল শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তৃতায় খালেদা জিয়া এই ঘোষণা দেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে, তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিন। নইলে গণ-অভ্যুত্থানে আপনাদের পতন ঘটবে। তখন জনগণকে আটকানোর সুযোগ পাবেন না।’তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহালের দাবিতে এই গণমিছিলের নেতৃত্ব দেন খালেদা জিয়া। তিনি গত রোববার বিভিন্ন জেলায় বিএনপির গণমিছিলে হামলা ও পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি এবং ৩ ফেব্রুয়ারি জুমার নামাজের পর নিহত ব্যক্তিদের জন্য বিশেষ মোনাজাতের কর্মসূচি দেন। একই দিন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থাকায় গতকাল বিরোধী দলের এই কর্মসূচি ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও ছিল ব্যাপক।