তত্ত্বাবধায়ক নিয়ে বিল নয়: আইন প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে আলোচনার জন্য সংসদে কোনো বিল আনবে না সরকার। এ ধরনের আশা দুরাশা মাত্র। তবে বিএনপি চাইলে বেসরকারি দিবসে এ বিলটি উত্থাপন করতে পারে।গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে আলোচনার জন্য সরকারকে সংসদে একটি বিল আনার প্রস্তাব দেন। এর জবাবে প্রতিমন্ত্রী আজ রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন।‘বিএনপি-জামায়াতের অযৌক্তিক কর্মসূচি’ শিরোনামে ওই সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, রোডমার্চ হলো একটি শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের কথাবার্তায় মনে হচ্ছে, এটি শান্তিপূর্ণ থাকবে না। তাঁরা সহিংসতা ছড়াবেন। আর সে ধরনের কিছু হলে তা মেনে নেওয়া হবে না বলেও কামরুল ইসলাম হুঁশিয়ারি দেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি হলো জামায়াতনির্ভর দল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অনেক যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের নিয়ে একটি দল গঠন করেন। এখনো বিএনপি সে অবস্থাতেই রয়েছে।