তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে সংলাপে মত আছে সরকারের
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করবে না সরকার। তবে বর্তমান সংবিধানের আওতায় কীভাবে আগামী নির্বাচন আরও গ্রহণযোগ্য করা যায়, তা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। সরকারের একজন নীতিনির্ধারক প্রথম আলোকে ক্ষমতাসীনদের এই মনোভাবেব কথা জানিয়ে বলেন, সংবিধানের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের গঠন-প্রক্রিয়া, সরকারের স্বরূপ বা মন্ত্রিসভার আকার কী হতে পারে, তা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় অরাজনৈতিক কাউকে রাখার বিপক্ষে আওয়ামী লীগের নেতারা। তাঁরা মনে করেন, বর্তমান সাংসদদের নিয়ে সম্ভাব্য ওই সরকার গঠিত হতে পারে।সরকার ও আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে যে আভাস পাওয়া যায়, তা হলো, অন্তর্বর্তী সরকারের আওতায় নির্বাচনী ব্যবস্থাপনা বা পদ্ধতি নিয়ে বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা নিয়েও আলোচনা হতে পারে। নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়া নিয়েও কথাবার্তা বলার পক্ষে সরকার।সরকারের নীতিনির্ধারণী সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সঙ্গে সংলাপ নিয়ে সরকারের কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন। এ আলোচনায় বিরোধী দলের সঙ্গে সংলাপের পক্ষে মতপ্রকাশ করা হয়। তবে তত্ত্বাবধায়কব্যবস্থা নিয়ে আলোচনার ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো মত দেননি। তবে তিনি বলেছেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল হয়েছে। আদালতের নির্দেশনা মেনে সংবিধান সংশোধন করা হয়েছে। নির্বাচনবিষয়ক সংলাপে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হবে, এমন কোনো প্রস্তাব সরকার মানবে না।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, বসাবসি হলে অনেক বিষয়েরই সমাধান হবে। তবে শর্ত দিয়ে আলোচনা হয় না। সংলাপ হতে হবে খোলামেলা। তিনি বলেন, দেশটা সবার। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ এখন অগ্রসরমাণ দেশ। সুতরাং কারও এমন কিছু করা উচিত নয়, যার ফলে দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়। মানবতাবিরোধী অপরাধের রায় শুরু হওয়ার পর দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতা ও তাণ্ডব নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ওই বৈঠকে আলোচনা হয়েছে। দেশের কিছু স্থানে পুরোপুরি প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকা নিয়েও কথাবার্তা হয়। ট্রাইব্যুনাল অন্য মামলায় রায় দেওয়ার পর সম্ভাব্য প্রতিক্রিয়া এবং তা নিয়ন্ত্রণে প্রস্তুতি নিয়েও সরকারের শীর্ষ মহল চিন্তাভাবনা করছে। সরকারের মনোভাব হলো, সহিংসতা বা তাণ্ডব চালিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া থেকে সরকারকে নিবৃত্ত করা যাবে না। ঝুঁকি থাকলেও এ বিচার-প্রক্রিয়া সরকার এগিয়ে নেবে। সরকার মনে করে, এ থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। নীতিনির্ধারণী সূত্রটি জানায়, এই অবস্থায় বিরোধী দলের সঙ্গে সম্ভাব্য আলোচনার ক্ষেত্র তৈরি হলেও তাদের প্রতিনিধিদলে যদি জামায়াতে ইসলামীকে রাখা হয়, সে ক্ষেত্রেও সংলাপে বসবে না সরকার।