তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার সুযোগ নেই: শফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছেন। সংবিধান ও আইন অনুযায়ী এটিকে আর সংবিধানে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।আজ রোববার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আওয়ামী লীগের ইতিহাস ১ম খণ্ড (১৯৪৯-১৯৭১)’ শীর্ষক বইয়ের প্রকাশনা উত্সবে আইনমন্ত্রী এসব কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের আগামীকালের মহাসমাবেশের আগের দিন আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান রাখা হয়েছিল, কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আদালত এই বিধান বাতিল করে দিয়েছেন। তা ফিরিয়ে আনতে বিএনপি যতই আন্দোলন করুক, তাতে কোনো লাভ নেই। তিনি বলেন, সংবিধান ও এর বিধিবিধান মেনে চলা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কর্তব্য। শিক্ষাবিদ আনিসুজ্জামানের সভাপতিত্বে ড. দিরাজুর রহমানের লেখা ‘আওয়ামী লীগের ইতিহাস ১ম খণ্ড’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও কে এম সফিউল্লাহ।