তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনুন, তারপর আলোচনা: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং সাভার ট্র্যাজেডিতে ‘শ্রমিক গণহত্যার’ প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা নুরুদ্দিন সোহেল।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আপনার আন্তরিকতা থাকলে, আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনুন, তারপর আলোচনায় বসতে চাইলে বিএনপি তাতে রাজি আছে।’সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, ওই ভবনধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সচ্ছলতার জন্য যা যা করা দরকার, সবই করতে হবে। এ ছাড়া সব পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।রানা প্লাজার মালিক সোহেল রানাকে বাঁচাতে পুলিশ মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।