আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার পথ যদি বন্ধও হয়ে যায়, তবু সরকার ও বিরোধী দলের মিলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুযোগ আছে। তাই দেশকে সংঘাতপূর্ণ অবস্থার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও কিছু বলা উচিত নয়। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত এ কথা বলেন। ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখা তথা সংবিধান সংশোধন বিষয়ে আলোচনার সুযোগ নেই’—বিএনপির নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের এ বক্তব্যকে ‘বিভ্রান্তিমূলক’ বলে আখ্যায়িত করেন তিনি।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ব্যারিস্টার মওদুদ ডিজনেস্টলি (অসৎভাবে) মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি যা বলেছেন, তা মূলত সাংবিধানিক অপব্যাখ্যা। ওনার কাজই হচ্ছে সাংবিধানিক বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা।’ সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির এই কো-চেয়ারম্যান বলেন, ‘নিয়মানুযায়ী প্রত্যেকটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর তা বিল আকারে সংসদে আসে। এরপর ওই বিল পরিবর্তন-পরিমার্জন বা সংযোজন-বিয়োজনের নিরঙ্কুশ ক্ষমতা সংসদের। এ ক্ষেত্রে সরকার ওই বিল নিয়ে কী বলল, না বলল তাতে কিছু যায়-আসে না। সংসদীয় কমিটিতে সব বিলেরই খোল নলচে পাল্টে দেওয়া সম্ভব। তাই এ বিল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পরও আলোচনার সুযোগ রয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধী দলসহ যেকোনো সাংসদ সংসদে এ বিলের ওপর সংশোধনী দিতে পারবেন। ইচ্ছা করলে তাঁরা পৃথক প্রস্তাবও উত্থাপন করতে পারবেন। চাইলে সংসদীয় কমিটিতে, এমনকি অধিবেশনেও এ-সংক্রান্ত দীর্ঘ আলোচনা সম্ভব। প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনারা পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের রায় মানেন না। এটা কি আদালত অবমাননা নয়?’