তত্ত্বাবধায়ক বাতিল হলেও অন্তর্বর্তী সরকারের সুযোগ রয়েছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার পথ যদি বন্ধও হয়ে যায়, তবু সরকার ও বিরোধী দল মিলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুযোগ আছে। তাই দেশকে সংঘাতপূর্ণ অবস্থার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও কিছু বলা উচিত নয়।আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত এ কথা বলেন।‘তত্ত্বাবধায়ক রাখা তথা সংবিধান সংশোধন বিষয়ে আলোচনায় সুযোগ নেই’ বিএনপির নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের দেওয়া মন্তব্যকে ‘বিভ্রান্তিমূলক’ আখ্যায়িত করেছেন সুরঞ্জিত।সুরঞ্জিত বলেন, ‘ব্যারিস্টার মওদুদ ডিজঅনেস্টলি (অসৎভাবে) মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি যা বলেছেন, তা মূলত সাংবিধানিক অপব্যাখ্যা। তাঁর কাজই হচ্ছে, সাংবিধানিক বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা।’সদ্যবিলুপ্ত সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির এই কো-চেয়ারম্যান বলেন, ‘নিয়মানুযায়ী প্রতিটি আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদনের পর তা বিল আকারে সংসদে আসে। এরপর ওই বিল পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধন-পরিমার্জনের নিরঙ্কুশ ক্ষমতা সংসদের। এ ক্ষেত্রে সরকার ওই বিল নিয়ে কি বলল না-বলল, তাতে কিছু যায় আসে না। সংসদীয় কমিটিতে সব বিলেরই খোল-নলচে পাল্টে দেওয়া সম্ভব। তাই এ বিল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।সুরঞ্জিত আরও বলেন, বিরোধী দলসহ যেকোনো সাংসদ এ বিলের ওপর সংশোধনী দিতে পারবেন। ইচ্ছে করলে তারা পৃথক প্রস্তাবও উত্থাপন করতে পারবেন। চাইলে সংসদীয় কমিটিতে, এমনকি অধিবেশনেও এ-সংক্রান্ত দীর্ঘ আলোচনা সম্ভব।প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘আপনারা সংখ্যালঘিষ্ট হয়ে সংখ্যাগরিষ্ঠকে যা বলবেন, তাই হতে হবে, এটা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। এভাবে গণতন্ত্র টেকে না।’ তিনি বলেন, ‘বিএনপি পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের রায় মানেন না। এটা কি আদালত অবমাননা নয়?’