তত্ত্বাবধায়ক বিলুপ্ত করে খসড়া চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে সংবিধান সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে বিশেষ কমিটি। কমিটি এ জন্য সংবিধানের সংশোধনীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সম্পর্কিত সংবিধানের ২ক পরিচ্ছেদ (অনুচ্ছেদ ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ, ৫৮ঙ) বিলুপ্ত করার সুপারিশ করেছে।২১ পৃষ্ঠার সুপারিশমালায় বিশেষ কমিটি সংবিধানের ৫১টি অনুচ্ছেদে সংশোধনী আনার প্রস্তাব করেছে। টানা প্রায় এক বছর কাজ শেষে গতকাল রোববার সংসদ ভবনে বিশেষ কমিটির সভায় এসব সুপারিশ চূড়ান্ত করা হয়। চলতি সপ্তাহেই প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করা হবে।৫১টি সংশোধনীসহ সংবিধান সংশোধনীর সুপারিশমালায় বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ কিছুটা সংশোধিত আকারে প্রায় আগের মতোই রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সংবিধানে বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ, ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণার টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করার সুপারিশ করা হয়েছে।সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখায় প্রতিবেদনে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন বিশেষ কমিটির দুই সদস্য রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। তাঁরা বলেছেন, এটি সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। কারণ সংবিধানের চার মূলনীতিতে থাকা ধর্মনিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম, কিংবা ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখা যায় না।সুপারিশে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীর বিরুদ্ধে পরে রাষ্ট্রদ্রোহ মামলা করার বিধান রাখার সুপারিশ করা হয়েছে। বিশেষ কমিটি অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের শাস্তির বিধান রেখে ৭(ক) নামে একটি নতুন অনুচ্ছেদ সংযোজনের সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, ৭(ক) ১(ক) ‘এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা (খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।’ এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি সংসদের আইন দ্বারা অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। সংবিধানের মৌলিক কাঠামোসংক্রান্ত বিধানাবলি সংশোধন অযোগ্য করে ৭(খ) নামে আরও একটি নতুন অনুচ্ছেদ যোগ করার প্রস্তাব করেছে কমিটি।এ ছাড়া প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পদসম্পর্কিত ১৪৭ অনুচ্ছেদ বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০ করা-সম্পর্কিত সংবিধানের ৬৫(ক)(৩) অনুচ্ছেদে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।সংশোধনীতে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করে বাহাত্তরের সংবিধানের আদলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিধান অনুসারে কেউ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সদস্যপদ থাকবে না। তবে সংসদে দলের বিরুদ্ধে কথা বলা যাবে এবং ভোটদান থেকে বিরতও থাকা যাবে।সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কিত ৬৬ অনুচ্ছেদে নতুন উপদফা (ঙ) প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘তিনি ১৯৭২ সালে বাংলাদেশে যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন যে কোন অপরাধের জন্য দণ্ডিত হইয়া থাকেন।’ এর ফলে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিতরা জাতীয় সংসদ নির্বাচনে আর প্রার্থী হতে পারবেন না। ভোটার তালিকায়ও যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি অযোগ্য করার সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নামভুক্তির ক্ষেত্রে ১৯৭২ সালের বাংলাদেশে যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন যেকোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন। এর ফলে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত ব্যক্তিরা আর ভোটার হতে পারবেন না। বাহাত্তরের সংবিধান অনুযায়ী ৭০ অনুচ্ছেদ প্রতিস্থাপনের সুপারিশ করেছে বিশেষ কমিটি। এতে বলা হয়েছে, ৭০(১) ‘কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’ বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই রাখার সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা-সম্পর্কিত ১১৮ অনুচ্ছেদে সংশোধনের সুপারিশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নির্বাচন অনুষ্ঠান-সম্পর্কিত ১২৩ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশে বলা হয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববতী নব্বই দিনের মধ্যে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।’ জরুরি অবস্থার মেয়াদ নির্ধারণ-সম্পর্কিত সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদে সংশোধনের সুপারিশ করে ‘অনধিক একশত কুড়ি দিনের জন্য’ শব্দগুলো সন্নিবেশিত করার সুপারিশ করেছে বিশেষ কমিটি।প্রস্তাবে বলা হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা—এগুলো সংবিধানের মূল নীতি হবে। রাষ্ট্রধর্ম-সম্পর্কিত সংবিধানের ২(ক) অনুচ্ছেদে পরিবর্তন এনে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করবেন’ প্রতিস্থাপন করা হয়েছে। জাতির পিতা-সম্পর্কিত সংবিধানের ৪ অনুচ্ছেদে পরিবর্তন এনে ‘প্রতীক ও জাতির পিতা প্রতিকৃতি’ শব্দগুলো প্রতিস্থাপন এবং এতে নতুন দফা ৫ সংযোজন করা হয়েছে। নতুন দফা ৫-এ বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। এই অনুচ্ছেদ সংযোজনের পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপন-সম্পর্কিত সংবিধানের ৪(ক) অনুচ্ছেদটি বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। এর ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরিবর্তে এখন থেকে শুধু জাতির জনকের প্রতিকৃতিই সর্বত্র স্থাপন বাধ্যতামূলক করা হবে। সুপারিশে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে।গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে এ বিশেষ কমিটি গঠনের পর গতকাল পর্যন্ত ২৭টি বৈঠক করে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে এ কমিটিতে বিএনপি প্রতিনিধি দেয়নি। মোট সদস্যসংখ্যা ১৫। কমিটি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, সাবেক বিচারপতি ও আইনজ্ঞ, দৈনিক পত্রিকার সম্পাদক, বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে। আমন্ত্রণ জানানো হলেও বিএনপি কমিটির মতবিনিময় সভায় যায়নি।বিশেষ কমিটির প্রতিবেদন চূড়ান্ত করার পর কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানান, আদালতের রায়ের আলোকে ও বিশেষ কমিটিতে প্রাপ্ত সবার মতামতের ভিত্তিতে এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা-মূল্যবোধকে সংবিধানে সমুন্নত রাখা হয়েছে বলে জানান তিনি।