তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই বাতিল করা ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করলে বিএনপিকে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ করে দেওয়া হবে। এই অভিমত বাম দলগুলোর। সে জন্য অধিকাংশ বাম দল আগামী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার পক্ষে।ক্ষমতাসীন মহাজোটের দুই শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টিও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার পক্ষে। দু-এক দিনের মধ্যেই তারা আওয়ামী লীগের কাছে নিজেদের এই অবস্থান তুলে ধরবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ৩০ মে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আগ পর্যন্ত সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিও তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার-প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিল। ওই দিনের আলোচনা সম্পর্কে পরদিন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। এ অবস্থায় সরকার এককভাবে এ ব্যবস্থা রাখার পক্ষে মত দিতে পারে না। এ ব্যবস্থা রাখতে হলে বিরোধী দলকে কমিটি অথবা সংসদে এসে মতামত তুলে ধরতে হবে।সূত্র জানায়, ৩০ মের বৈঠকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার যৌক্তিকতা তুলে ধরেন। তাঁদের যুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে অহেতুক বিএনপিকে আন্দোলনের সুযোগ করে দেওয়া হবে।হাসানুল হক ইনু গতকাল প্রথম আলোকে বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের পর এখন আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে নেই। কিন্তু দেশ ও জাতির স্বার্থে আমাদের পরামর্শ হলো, এই পদ্ধতির সরকার আরও দুই মেয়াদে রাখা যেতে পারে। তা ছাড়া মহাজোটের শরিক হিসেবে আমরা চাই না, বিএনপি এ নিয়ে রাজনীতির মাঠ গরম করুক। কিন্তু সমস্যা হলো, সরকারি দল এককভাবে এ ব্যবস্থা রাখতে গেলে ভবিষ্যতে এ নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে। সে জন্য বিরোধী দলের অংশগ্রহণ দরকার।’রাশেদ খান মেনন বলেন, ‘আদালত বলেছেন, সংসদ ইচ্ছে করলে আরও দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে পারে। আমরাও রাখতে চাই। কিন্তু সে জন্য বিএনপিকে আলোচনায় আসতে হবে। কারণ তাদের এড়িয়ে সরকার এককভাবে এ পদ্ধতি রাখার ঝুঁকি নিতে পারে না।’মহাজোটের আরেক শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা যথাযথ। রায়ের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মত দিয়েছেন, তা বাস্তবসম্মত। তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হলে এখন বিরোধী দলকেই মুখ্য ভূমিকা রাখতে হবে। তাই বিএনপির উচিত, সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সংসদে যাওয়া। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সরকার ও বিরোধী দলের অবস্থান অগ্রহণযোগ্য। কোনো দলই সুপ্রিম কোর্টের রায় সামগ্রিকভাবে আমলে নিচ্ছে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার অনিবার্য নয়। মূলত নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে আপাতত তত্ত্বাবধায়ক সরকার দরকার। কিন্তু আক্ষরিক অর্থে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার শক্তিশালী নির্বাচন কমিশন।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, যে সংকটকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন হয়েছিল, সেই সংকট এখনো বিদ্যমান। ফলে এখনই এ পদ্ধতি বাদ দিলে সংকট আরও ঘনীভূত হবে। কারণ, প্রধান দুই বুর্জোয়া রাজনৈতিক দলের একের প্রতি অন্যের আস্থা নেই।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার আদর্শ ব্যবস্থা নয়। রাষ্ট্রের জন্য এটি একটি আপদ। কিন্তু এই আপদকে এখনই বিদায় করা যাচ্ছে না। কারণ, প্রধান দুটি দলের মধ্যে বিশ্বাস ও আস্থার অভাব। তাই রাজনৈতিক সংস্কৃতির উন্নতি এবং দুই দলের পরস্পরের প্রতি আস্থা অর্জনের আগ পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখা দরকার। পাশাপাশি নির্বাচন কমিশনকে আক্ষরিক অর্থে শক্তিশালী করতে হবে।