তত্ত্বাবধায়ক ব্যবস্থা না দিলে পরিণতি ভয়াবহ
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আগামী সংসদ অধিবেশনে সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করুন। নইলে পরিণতি এরশাদের চেয়েও ভয়াবহ হবে।’বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ দলের কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ছাত্র ফোরামের মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।সরকারের উদ্দেশে জয়নুল আবদিন বলেন, ‘বিএনপির আল্টিমেটাম অনুযায়ী ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে আন্দোলন এত কঠোর হবে যে র্যাব-পুলিশ দিয়েও তা ঠেকানো যাবে না।’ বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘কাশিমপুর কারাগারে গণতন্ত্রকে আটকে রেখে আপনি ক্ষমতায় চিরস্থায়ী হবেন, তা হবে না।’তত্ত্বাবধায়ক সরকারকে প্রধানমন্ত্রী কর্তৃক ‘দানব’ বলে অভিহিত করা প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আওয়ামী লীগ লগি-বইঠা দিয়ে ওই দানব সৃষ্টি করেছিল। ওই দানবের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সুতরাং এ ধরনের কথা তাঁর (প্রধানমন্ত্রী) মুখে মানায় না। আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়কের জন্য ১১৪ দিন হরতাল করেছিল।’মানববন্ধনে বিএনপির সাংসদ বরকত উল্লা, আবুল খায়ের, আশরাফ উদ্দিন, রেহানা আক্তার রানুসহ অন্য নেতারা যোগ দেন।