সাংবাদিকদের আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী
তত্ত্বাবধায়ক-ব্যবস্থা নিয়ে আলোচনার পথ বন্ধ হয়নি
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার পথ বন্ধ হয়নি বলে জানালেন আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তাঁদের দাবি, এ বিষয়ে এখনো আলোচনার সুযোগ আছে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদন করায় আলোচনার পথ বন্ধ হয়ে গেছে বলে প্রধান বিরোধী দল যে দাবি করেছে তার পরিপ্রেক্ষিতে তাঁরা এ কথা বলেন।আজ মঙ্গলবার রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুত্ ভবনের বিজয় হলে আইন মন্ত্রণালয় প্রস্তাবিত পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১১ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। ওই সভায় আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্য ছিলেন। কিন্তু তাঁরা কমিটির সভায় অংশ নেননি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সুপারিশ করে কমিটির দেওয়া প্রতিবেদন বিরোধী দলের কাছে পাঠানো হয়েছিল। সেটা নিয়েও তাঁরা কোনো কথা বলেননি। তাঁদের উচিত ছিল বিষয়টি নিয়ে আলোচনা করা। আইনমন্ত্রী আরও বলেন, গতকাল সোমবার সংসদীয় কমিটির ওই সুপারিশ মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। এবার এটি বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। তাই বিষয়টি নিয়ে সংসদে আলোচনার পথ খোলা আছে। আলোচনার পথ খোলা নেই বলে বিএনপি যে দাবি করেছে তা ভিত্তিহীন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা-না রাখা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখা দেবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, দেশ সাংবিধানিকভাবে চলে। বিল তো আইন হয়নি যে এটিই চূড়ান্ত। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার সুযোগ এখনো আছে। গায়ের জোরে কিছু করার প্রশ্নই ওঠে না।আইন প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচন কোন ফর্মুলায় হবে তার পথ এখনো খোলা আছে। এটা নিয়ে বিতর্ক তৈরি করা ঠিক হবে না। জাতীয় সংসদ চাইলে আগামী দুই মেয়াদে এ ব্যবস্থা রেখে সংসদ নির্বাচন করতে পারে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।