সংবিধান সংশোধন বিল সংসদে উপস্থাপন
তত্ত্বাবধায়ক-ব্যবস্থা বিলুপ্ত, অবৈধ ক্ষমতা দখল রাষ্ট্রদ্রোহ অপরাধ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির পাশাপাশি অবৈধভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে বিবেচনার সুপারিশ করে সর্বোচ্চ দণ্ডের বিধান রেখে সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আজ শনিবার আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উপস্থাপন করেন।সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ সংসদে উপস্থাপনের সময় টেবিল চাপড়ে স্বাগত জানান উপস্থিত সাংসদেরা। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে উপস্থাপিত এ বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি সংসদে এ সম্পর্কে প্রতিবেদন দেবে। বিলটি উত্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। বিরোধী দল বিএনপি এ সময় সংসদে অনুপস্থিত ছিল। একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সংসদে বিলটি উত্থাপনের সময় এর বিরোধিতা করে সংসদ থেকে ওয়াক আউট করেন। কিছুক্ষণ পরই অবশ্য তিনি আবার সংসদে যোগ দেন। ফজলুল আজিম বিলটি এখনই উত্থাপন না করে বিরোধী দলসহ সবার সঙ্গে আরও আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বিলটি সংসদে আনার প্রস্তাব করেন। আইনমন্ত্রী শফিক আহমেদ তাঁর এ প্রস্তাব নাকচ করে দিলে বিল উত্থাপনের বিষয়টি কণ্ঠভোটে পাস হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, সংবিধানের বিভিন্ন বিধানে প্রয়োজনীয় সংশোধন আনতে মন্ত্রিসভা কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিলে মূলত ১৯৭২ সালের সংবিধানের মোৗলিক বৈশিষ্ট্য, জনগণের অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতিসংক্রান্ত বিধান পুনর্বহালের প্রস্তাব রয়েছে।প্রস্তাবিত আইনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সম্পর্কিত সংবিধানের (অনুচ্ছেদ ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ, ৫৮ঙ) বাতিলের সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হচ্ছে। এ বিলে সংবিধানের ৫১টি দফায় সংশোধন পরিবর্তন, প্রতিস্থাপন ও অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষায় আনা এ বিলে সংবিধানের মৌলিক কাঠামোসংক্রান্ত বিধান সংশোধন অযোগ্য করে ৭ (খ) নামে একটি নতুন অনুচ্ছেদ যোগ করা হয়েছে।বিলে বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ কিছুটা সংশোধিত আকারে প্রায় আগের মতোই রাখা হয়েছে। সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের অংশ করার সুপারিশ করা হয়েছে। এ জন্য সংবিধানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম নামের নতুন তিনটি তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে।বিলে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীর বিরুদ্ধে পরবর্তী সময়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার বিধান রাখার সুপারিশ করা হয়েছে। অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে ৭(ক) নামে একটি নতুন অনুচ্ছেদ সংযোজনের সুপারিশ করা হয়েছে।বিলে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন করে ১৯৭২ সালের সংবিধানের আদলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিধান অনুসারে কোনো সাংসদ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সদস্যপদ থাকবে না। এর বাইরে সংসদে সাংসদদের দলের বিরুদ্ধে কথা বলার বা ভোট না দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০-এ উন্নীত করার সুপারিশও এ বিলে করা হয়েছে। ৬৬ অনুচ্ছেদ সংশোধন করে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে। ভোটার তালিকায়ও যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তির অযোগ্য করার সুপারিশ করা হয়েছে।বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই রাখার সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা-সম্পর্কিত ১১৮ অনুচ্ছেদে সংশোধনের সুপারিশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।নির্বাচন অনুষ্ঠানসম্পর্কিত ১২৩ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববতী নব্বই দিনের মধ্যে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।’বিলে বলা হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই সংবিধানের মূলনীতি হবে। রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনেও রাষ্ট্র সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। বিলে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি প্রদর্শনের বিদ্যমান যে বিধান রয়েছে, তা বাতিলের সুপারিশ করা হয়েছে। বিলে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা নেবে।এর আগে গত সোমবার মন্ত্রিসভা সংবিধান সংশোধন বিলের খসড়া অনুমোদন করে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি ৮ জুন সংসদে সংবিধান সংশোধনের প্রতিবেদন উপস্থাপন করে।প্রায় সাত বছর পর সংবিধান সংশোধনের একটি বিল সংসদে এল। এর আগে সর্বশেষ ২০০৪ সালের ১৭ মে সংবিধানের চতুর্দশ সংশোধনী পাস হয়েছিল। বিগত বিএনপি সরকারের আমলে করা ওই সংশোধনীতে বিচারপতিদের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়েছিল।