তত্ত্বাবধায়ক সরকারের বিদ্যমান ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আদালত রায় দিয়েছেন। আদালত অবৈধ ঘোষণা করায় এ ব্যবস্থা বহাল রাখা যায় না। বিরোধীদলীয় নেতা চাইলেও এ ব্যবস্থা বহাল রাখার সুযোগ নেই। এ বক্তব্য আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল থাকলে যেকোনো স্থানে যে কারও সঙ্গে জাতীয় স্বার্থে আলোচনা হতে পারে। তিনি সম্ভাব্য প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং নির্বাচন কমিশন শক্তিশালী করা নিয়ে আলোচনার কথা বলেছেন।আওয়ামী লীগের নেতারা মনে করেন, খালেদা জিয়ার বক্তব্যে নতুন কিছু নেই। কারণ বর্তমান ব্যবস্থা থাকলে আলোচনার তো কোনো দরকার নেই। এটা অবৈধ হয়ে গেছে বলেই তো প্রধানমন্ত্রী আলোচনার আহ্বান জানিয়েছেন।খালেদা জিয়ার প্রস্তাব সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, আদালতের রায়ে এ ব্যবস্থা বাতিল হয়ে গেছে। এখন এটা কীভাবে রাখা যায়, তা নিয়ে আলোচনা করতে হবে। তাই বিরোধীদলীয় নেতাকে সংসদে নতুন ফর্মুলা দিতে হবে। কারণ রায়ে বলা হয়েছে, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে তা সংসদ সিদ্ধান্ত নেবে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বক্তব্যে নতুন কিছু নেই। রায়ের পর থেকেই তাঁরা এ রকম কথাবার্তা বলে যাচ্ছেন। জাতি আশা করেছিল, খালেদা জিয়া সংবাদ সম্মেলনে নতুন কিছু বলবেন, নতুন কোনো প্রস্তাব দেবেন।জানা যায়, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া কী বলবেন, আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ে এ নিয়ে বেশ আগ্রহ ছিল। কিন্তু সরকারের নীতিনির্ধারকেরা বিরোধীদলীয় নেতার বক্তব্যে নতুন কিছু দেখেননি বলে মনে করছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখা হলে তো আর আলোচনার দরকার নেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আদালত অবৈধ ঘোষণা করেছেন। রায়ে বলা হয়েছে, সংসদ চাইলে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। সুতরাং এটা কীভাবে হবে, তা সংসদেই প্রস্তাব দিতে হবে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, রায় অনুসারে বিচারপতিদের বাদ দিয়ে আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। কিন্তু রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার সুযোগ নেই। অন্য কোনো পদ্ধতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখতে হলে সংসদে আলোচনা করতে হবে।