তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল চায় কৃষক শ্রমিক-জনতা লীগ ও বাসদ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও কৃষক শ্রমিক-জনতা লীগ।রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে দল দুটি আজ বুধবার এ প্রস্তাব দেয়। বঙ্গভবনে প্রথমে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও পরে কৃষক শ্রমিক-জনতা লীগের সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি।সংলাপ শেষে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, তাঁরা রাষ্ট্রপতিকে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখনো সংঘাতময়। এ কারণে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দরকার। একই সঙ্গে অনুসন্ধান কমিটি ও আটজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে বাসদ। বাসদের পরে কৃষক শ্রমিক-জনতা লীগ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে। দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার সাংবাদিকদের জানান, সাংসদ শওকত মোমেন শাহজাহান কৃষক শ্রমিক-জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় তিনি এ সংলাপে আসেননি।হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, এ বিষয়ে তাঁরা রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি বিষয়টি দেখবেন বলে তাঁদের জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল ও নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির প্রস্তাব দিয়েছে শ্রমিক-জনতা লীগ।