তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল চায় বিজেপি ও ইআবা
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা)।রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ষষ্ঠ দিনে দল দুটি আজ সোমবার এ প্রস্তাব দেয়। বঙ্গভবনে প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) এবং পরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি।সংলাপ শেষে বিজেপির নেতা আন্দালিব রহমান সাংবাদিকদের জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁদের জানিয়েছেন, এ ব্যাপারে সাংবিধানিকভাবে তাঁর কোনো ক্ষমতা নেই। তাঁর হাত পা বাঁধা।তখন বিজেপির পক্ষ থেকে থেকে রাষ্ট্রপতিকে বলা হয়, ‘আপনি যে ক্ষমতা বলে এই সংলাপ আয়োজন করেছেন একইভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে পারেন।’ আন্দালিব রহমান জানান, ‘বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বলা হয়েছে—আপনি যে সংলাপ আয়োজন করেছেন, সেটা শুভ উদ্যোগ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে অনুরূপ সংলাপ আয়োজন করলে সেটাও শুভ উদ্যোগ হবে।’ নির্বাচন কমিশন বিষয়ে বিজেপি রাষ্ট্রপতিকে বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা এক রকম। আর দলীয় সরকারের সময় অন্য রকম। এ কারণেই সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা দরকার।বিজেপি নির্বাচন কমিশনের সদস্যদের নামের কোনো তালিকা রাষ্ট্রপতির কাছে দেয়নি বলেও জানান আন্দালিব। আন্দালিবের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল এ সংলাপে যোগ দেয়। এর আগে দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে। তারাও নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে।দলটির প্রেসিডিয়ামের সদস্য সৈয়দ মোসাদ্দেক আল মাদানীসহ বেশ কয়েকজন নেতা এ সংলাপে যোগ দেন।