তত্ত্বাবধায়ক-ব্যবস্থার সংস্কার ও ইসিকে শক্তিশালী করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সংস্কার এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পক্ষে মত দিয়েছেন দুই অ্যামিকাস কিউরি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে প্রবীণ আইনজীবী রফিক-উল হক এবং এম জহির এই অভিমত তুলে ধরেন।গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে ষষ্ঠ দিনের মতো শুনানি হয়।দুপুরে শুনানিতে রফিক-উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে হলে অন্য পদ্ধতিতে রাখতে হবে। বিচার বিভাগকে এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত করা উচিত নয়। এক-এগারোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়। এই করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ধারণাটি ধ্বংস করা হয়।সবাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কিছুটা সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন—এই মন্তব্য করে জ্যেষ্ঠ এই আইনজীবী আরও বলেন, ‘অনেকের ধারণা, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে হবেন, সেই চিন্তা মাথায় রেখে আপিল বিভাগে বিচারক নিয়োগ দেওয়া হয়। জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে কনিষ্ঠ বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। ধরে নিচ্ছি তিনি সবচেয়ে যোগ্য। তবে এ নিয়ে বাইরে অনেক কথা প্রচলিত রয়েছে।’এই পর্যায়ে আদালত বলেন, ‘এটা আমাদের জন্য বিব্রতকর। বিভিন্ন দেশে দেখা যায়, নির্বাচন কমিশনের নিরঙ্কুশ ক্ষমতা আছে।’তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মত দিয়ে রফিক-উল হক বলেন, বিচারপতিদের বাদ দিয়ে এই ব্যবস্থা পুনর্গঠন করা যেতে পারে। তিনি অভিমত দেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা, মর্যাদা ও নিরপেক্ষতার স্বার্থে’ ব্যবস্থাটির পুনর্গঠন করে প্রধান উপদেষ্টার পদে প্রধান বিচারপতিকে না রাখাই উত্তম। রফিক-উল হক বলেন, ‘আমার প্রস্তাব হচ্ছে, সাবেক প্রধান বিচারপতিদের দিয়ে একটি কমিটি গঠন করা হোক, তাঁরা একজন যোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব করবেন।’বিশ্বের অনেক দেশের নির্বাচন কমিশন নির্বাচনকালীন বদলিসহ সবকিছু করার ক্ষমতা রাখে উল্লেখ করে রফিক-উল হক বলেন, নির্বাচন কমিশনকে ক্ষমতা এবং তা প্রয়োগের সুযোগ দিতে হবে। প্রয়োজনে চার দিনব্যাপী নির্বাচনের আয়োজন এবং কেন্দ্রীয়ভাবে সবার উপস্থিতিতে ভোট গণনা করা যেতে পারে। আইনজীবী এম জহির বলেন, সরকার ও বিরোধী পক্ষ থেকে পাঁচজন করে সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে। প্রধান দুটি জোটের ঐকমত্যের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করা যেতে পারে। তফসিল ঘোষণার পর কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করবেন।এম জহির আরও বলেন, সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নামের একটি তালিকা নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। এভাবে আলোচনা-পর্যালোচনা ও ঐকমত্যের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা যেতে পারে। এর আগে সকালে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। সংসদীয় কমিটি এ বিষয়ে কাজ করছে। এ বিষয়ে সংসদের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শুনানি মুলতবি রাখা সমীচীন।প্রসঙ্গত, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে বৈধ ঘোষণা করেন। তবে রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতিও দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। গত ১ মার্চ থেকে আপিল বিভাগে এ নিয়ে শুনানি শুরু হয়। অ্যামিকাস কিউরি হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রফিক-উল হক, আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল।