তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়: এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে যে স্বৈরাচার প্রতিষ্ঠা করা হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন করা হবে। অবিলম্বে এ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংবিধান নিয়ে কথা বললে রাষ্ট্রদ্রোহী হতে হয় বলেও তিনি মন্তব্য করেছেন।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এ কথা বলেন। এম কে আনোয়ার বলেন, দেশে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। সংকট তৈরি করেছে মহাজোট সরকার। আড়াই বছরেরও বেশি সময় ক্ষমতায় থেকে জনগণের কাছে দেওয়া কোনো ওয়াদাই পূরণ করতে পারেনি। অথচ মিথ্যাচার করে বলছে, বেশির ভাগ ওয়াদাই তারা পালন করছে। দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা সবাই জানেন, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্র্রীর সফর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভারত সরকার বাংলাদেশে চুক্তি সই করতে এসেছিল, চুক্তি সই না করার পেছনে এককভাবে দায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ, শেখ হাসিনা বাংলাদেশের কোনো সুশীল সমাজের সঙ্গে আলোচনা না করে ভারতের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারত সেটা বুঝতে পেরেছে। তাঁরা দলের সঙ্গে চুক্তি করবে না, করবে সরকারের সঙ্গে। এ কারণেই ভারত বাংলাদেশের সঙ্গে চুক্তি না করে চলে গেছে। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মর্তুজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপের চেয়ারম্যান শেখ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন।