তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না এবং দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে ও সংবিধানে গণভোটের ব্যবস্থা রাখতে হবে।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলের আহ্বানে আজ মঙ্গলবার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকারকে পদত্যাগ করতে হবে। জীবনের এই প্রান্তে এসে এই সরকারের বিরুদ্ধে কঠিন সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করছি ও সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ করুন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’বক্তব্যের শেষ পর্যায়ে এই সরকারকে জনদুর্ভোগ সৃষ্টিকারী ও ব্যর্থ উল্লেখ করে এদের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে তিনটি রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। কর্মসূচি অনুযায়ী আগামী ১০ অক্টোবর সিলেট অভিমুখে ঢাকা থেকে রোডমার্চ শুরু হবে। ১১ অক্টোবর সেখানে জনসভা হবে। এরপর ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে শুরু হওয়া রোডমার্চটি যাত্রাপথে বগুড়ায় জনসভা করবে আর রাজশাহীতে জনসভা হবে ১৯ অক্টোবর। ২৫ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশে শুরু হওয়া রোডমার্চ ওই দিন ফেনীতে জনসভা করবে, চট্টগ্রামে জনসভা হবে ২৬ অক্টোবর।জনসভায় চার দলের শীর্ষস্থানীয় নেতা ও সমমনা দলগুলোর নেতারা বক্তব্য দেন। জনসভা শুরু হয় ইসলামী ছাত্রশিবিরের নেতার বক্তব্যের মাধ্যমে। এরপর এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির সমমনারা বক্তব্য দেন। বিকল্পধারা, এলডিপি ও কল্যাণ পার্টির নেতারা জনসভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।জনসভার সভাপতি ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন জমায়েতের জন্য চার দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।খালেদা জিয়া বক্তব্যের শুরুতেই নেতা-কর্মীদের কাছে জানতে চান ‘আপনারা কেমন আছেন?’ নিজেই বলেন, ‘আমি জানি আপনারা ভালো নেই। এই সরকারের লুটপাট আর দুঃশাসনের কারণে মানুষ অতিষ্ঠ, এদের কারণে ভালো থাকা সম্ভব নয়। কেননা, সকালে উঠে এরা আল্লাহর নামে (সরকার ও আওয়ামী লীগ) মিথ্যা কথা বলা শুরু করে। আর সারা দিন তা চালিয়ে যায়। ব্যস্ত থাকে লুটপাট আর দখলে।’ তিনি বলেন, ‘সবাই মিলে মারো টান, আওয়ামী লীগ হবে খান খান।’যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসন ছাড়া কিছু নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী একসময় জামায়াতে ইসলামীকে পাশে বসিয়ে রাজনীতি করেছেন। তিনি প্রশ্ন করেন, ‘তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামায়াত তখন এত প্রিয় ছিল আর এখন কোনো এতো খারাপ হলো? একসময় তো একসঙ্গে নির্বাচনও করেছেন। এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে, তাদের বিচার মানুষ মানে না।’খালেদা জিয়া বলেন, ‘ছি ছি ছি লজ্জা, পুলিশ আপনাদের, সরকারও আপনাদের, তার পরও পুলিশ পাহারা নিয়ে মিছিল করতে হয়। হরতালে বিএনপিকে বাধা দেওয়া হয়। গণতন্ত্র এখন পুলিশের বুটের নিচে পিষ্ট হচ্ছে।’ তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘সামনে অনেক বড় দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। পুলিশ বাদ দিয়ে আপনারাও আসুন, আমরাও আসি, দেখেন কী হয়।’