তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে ছাড়া নির্বাচনে অংশ নেবে না। আজ শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবরে মির্জা ফখরুল বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে কাল শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখতে হবে। এটা নিয়ে আলোচনার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তিনি মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখা জনগণের দাবি ।১২ ও ১৩ জুন বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন দলের দুই নেতা আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁরা জামিনের মুক্তি পান। আজ মির্জা ফখরুলসহ দলের নেতা-কর্মীদের নিয়ে তাঁরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।