তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গ্রহণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। আজ শনিবার সকালে উত্তরাঞ্চলে যাওয়ার সময় সিরাজগঞ্জের হাটিকুমরুলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। ফখরুল বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সংসদে কোন বিল পাস করলে তাতে জনগণের মতামতের প্রতিফলন না ঘটলে তা আইনে পরিণত হবে না । আর জনগণও তা মেনে নেবে না। মধ্যবর্তী নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণ কষ্ট পাচ্ছে। জনগণের দুঃখ লাঘবের জন্য মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, বিএনপি শিগশিরই সংসদে যাবে না। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।