তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব: মরিয়ার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কী হবে, সেটা রাজনৈতিক দলগুলো মতৈক্যের ভিত্তিতে ঠিক করতে পারে।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক অনুষ্ঠানে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।মরিয়ার্টি ঢাকায় তাঁর গত তিন বছরের কাজের অভিজ্ঞতার প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়ে নিজের ও সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনে কূটনীতিকদের ভূমিকা, র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস—এসব নানা প্রসঙ্গে কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের বিপরীত অবস্থানের কারণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে কি না, জানতে চাইলে জেমস এফ মরিয়ার্টি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন পদ্ধতি আছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটি নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক দল ও জনগণ কতটা দূরদর্শিতার সঙ্গে একটি বিকল্প তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে, তার ওপর। বাংলাদেশের জনগণের মতো মার্কিন সরকারও এটা চায়।’মরিয়ার্টি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হলে নির্বাচন কমিশনকে ব্যাপক ক্ষমতা দিতে হবে। আর এ বিষয়টিতে রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি। এ প্রসঙ্গে তিনি ভারতের উদাহরণ তুলে ধরেন।মরিয়ার্টির পূর্বসূরি প্যাট্রিসিয়া বিউটেনিস সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পাশে ছিলেন কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারির পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। জরুরি অবস্থা জারির ঘোষণায় তিনি (বিউটেনিস) খুব অবাক হয়েছিলেন। কারণ সে সময় একটি সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।ইউনূসের অবস্থানকে কেন্দ্র করে মার্কিন সরকার এখনো আগের মতোই উদ্বিগ্ন কি না, জানতে চাইলে মরিয়ার্টি বলেন, ‘আমরা চাই, এমন কিছু করা হবে না, যাতে গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা ও অখণ্ডতা ক্ষুণ্ন হয়। কেউই চায় না গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা মুখ থুবড়ে পড়ুক।’ডিকাবের সভাপতি রাহীদ এজাজের সঞ্চালনায় অনুষ্ঠিত ডিকাব টকে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির আহমাদ।