তত্ত্বাবধায়ক সরকার থাক, চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চায়, সীমিত মেয়াদের জন্য হলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকুক। তবে সংসদে গিয়ে এ বিষয়ে কথা বলার সুযোগও তারা নিচ্ছে না। আগামী ২২ মে শুরু হচ্ছে সংসদের নবম অধিবেশন। আপাতত এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। দলটির মতে, কোনো সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত হতে চায় না।বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, আদালত তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বল ঠেলে দিয়েছেন সংসদের কাছে। সংসদে যেহেতু দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা সরকারি দলের, তাই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। বিএনপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই বলা হচ্ছে, দলটি যেকোনো মূল্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চায়। তাই এ ক্ষেত্রে বিএনপির মতের জন্য অপেক্ষার যুক্তি অবান্তর।জানা গেছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো বিষয়ে বিশেষ কমিটিতে মতামত দিতে রাজি নয়। তবে দলের একটি অংশ মনে করে, বিশেষ কমিটিতে গিয়েও তত্ত্বাবধায়ক সরকার রাখাসহ বিভিন্ন দাবি উপস্থাপন করার সুযোগ ছিল; যাতে করে মানুষ মনে করত, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার জন্য হলেও বিশেষ কমিটিতে গেছে।বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রথম আলোকে বলেন, সংসদের আগামী অধিবেশনে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত আপাতত নেই। তাঁর মতে, সরকারের সংবিধান সংশোধনের কোনো অশুভ উদ্যোগের সঙ্গে বিএনপি যুক্ত হবে না। এই অধিবেশনে সংবিধান সংশোধনের প্রক্রিয়া চললে পুরো অধিবেশনই বর্জন করবে বিএনপি। প্রসঙ্গত, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এখন লন্ডনে। ৩০ মে তিনি দেশে ফিরবেন। এরপর এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ বললেও আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বলায় এটা স্পষ্ট যে এই ব্যবস্থার প্রয়োজন আছে। বিষয়টি সংসদের কাছে ছেড়ে দেওয়ায় তা আরও ভালো হয়েছে। কারণ সংসদ নিশ্চয়ই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করবে।স্থায়ী কমিটির অন্য সদস্য মওদুদ আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেশে সংকট তৈরি করছে। এখন সরকারই কেবল পারে এ জটিলতা থেকে দেশকে রক্ষা করতে। তারা যদি সংবিধান সংশোধনের প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানের বিষয়টি অন্তর্ভুক্ত করে, তাহলে জটিলতা কমবে। নইলে বিরোধী দলের আন্দোলনে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।এম কে আনোয়ার আরও বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে অনেক কিছু করার চেষ্টা করছে। আর এতে করে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। কারণ জনদাবি উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল না রাখলে বিএনপিকে বাধ্য হয়ে ‘সরকার হটাও’ আন্দোলনে যেতে হবে।বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীণ সাংসদ প্রথম আলোকে বলেন, বিশেষ কমিটিতে না গেলেও সংসদে গিয়ে বিরোধী দলের এসব বিষয় নিয়ে কথা বলা উচিত। সরকারি দল যে আদালতকে বিতর্কের মুখে ফেলে দিয়ে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে, তা মানুষকে জানাতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট থাকায় রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনে সব দল অংশ নেবে না, এটাই বাস্তবতা।চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির সাংসদ আন্দালিব রহমান বলেন, সরকার আদালতকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করিয়েছে। সরকারি দলের চেহারা দেখে বোঝা যাচ্ছে, তারা আদালতের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আর রাখতে চায় না।