প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ কমিটির বৈঠক
তত্ত্বাবধায়ক সরকার থাকছে না, বিরোধী দল চাইলে বিকল্প চিন্তার সুযোগ
উচ্চ আদালতের রায় অনুসারে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। কারণ কমিটি মনে করে, আদালতের রায় না মেনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখলে তা আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। সে ক্ষেত্রে ওই সরকারের অধীনে করা নির্বাচনও অবৈধ হবে। যা ভবিষ্যত্ রাজনীতিকে এক জটিল অবস্থায় ফেলতে পারে।তবে প্রধান বিরোধী দলসহ অন্যান্য দল মিলে আলোচনা করে রাজনৈতিক গুরুত্বপূর্ণ এ বিষয়ে একটি মতৈক্য হতে পারে। আর সে ক্ষেত্রেই কেবল আগামী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার সুযোগ থাকতে পারে।আজ সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশেষ কমিটির বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্তসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কমিটির সব সদস্য আদালতের রায় অনুসারেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না রাখার ব্যাপারে একমত হন বলে জানা গেছে। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের মতো জনগুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে একমত হতে বিরোধী দলকে বিশেষ কমিটি কিংবা সংসদে এসে আলোচনা করার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নইলে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আওয়ামী লীগ একা আদালতের রায় লঙ্ঘন করে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখবে না।কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত কাল মঙ্গলবার দুপুরে সংবাদ বিফ্রিং করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।জানতে চাইলে কমিটির সদস্য আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর বিশেষ কমিটির আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার প্রস্তাব করার সুযোগ নেই। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে বিশেষ কমিটির সঙ্গে একমত হয়েছেন। তবে বিরোধী দল এ পর্যায়েও বিশেষ কমিটিতে এসে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও দুই মেয়াদে রাখার ব্যাপারে প্রস্তাব করতে পারে। সে ক্ষেত্রে একে রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচনা করে মতৈক্যের ভিত্তিতে সরকারব্যবস্থা নিতে পারে। তবে বিরোধী দল না এলে বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির প্রস্তাব করবে সংসদে। সে ক্ষেত্রে সংসদে এসে বিরোধী দলকে আবার তত্ত্বাবধায়ক সরকার রাখার প্রস্তাবনা দিতে হবে।কমিটির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, আদালতের রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির কোনো বিকল্প নেই। কমিটির এ প্রস্তাবনার সঙ্গে প্রধানমন্ত্রীও একমত হয়েছেন। তবে যেহেতু এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত তাই প্রধানমন্ত্রী বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান জানাতে বলেছেন। এ ব্যাপারে কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কেবল মাত্র সবার মতৈক্যের ভিত্তিতেই নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে।