তত্ত্বাবধায়ক সরকার থাকলে আলোচনায় রাজি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার ঘোষণা দিলে বিএনপি আলোচনায় যাবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, এর মেয়াদ কী হবে এবং নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। এই আলোচনা জাতীয় সংসদের ভেতরে-বাইরে যেকোনো স্থানে, যে কারও সঙ্গে হতে পারে।গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি এও বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা এবং প্রশাসনকে নির্দলীয়করণের ব্যাপারে প্রয়োজন হলে সরকারের সঙ্গে আমরা আলোচনা করতে চাই। কিন্তু সবকিছুর আগে সরকার-নির্দেশিত রায়ের অজুহাতে সেই রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন করার মতলবি অপচেষ্টা বন্ধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আলোচনার বিরোধী নই। জাতীয় স্বার্থে যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা যে কারও সঙ্গে যেকোনো জায়গায় আলোচনা করতে পারি। কিন্তু যে ইস্যু নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই নেই, তা নিয়ে আলোচনায় বিভ্রান্তি সৃষ্টি ও কালক্ষেপণ ছাড়া আর কিছুই হবে না। সংসদে সরকারি দলের ব্রুট মেজরিটি রয়েছে। আমরা আমাদের মত স্পষ্ট করে বলেছি। কাজেই এখন তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’বিরোধীদলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে। কিন্তু সরকার একদিকে আদালতের রায়ের দোহাই দিয়ে এ ব্যবস্থা বাতিল করার কথা বলছে; আবার এ নিয়ে বিকল্প কোনো প্রস্তাব থাকলে তা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছে। কিন্তু আদালতের রায়ে এখনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কথা বলা হয়নি। তাই এই মীমাংসিত বিষয়ে বিএনপির পক্ষ থেকে নতুন কোনো ফর্মুলা দেওয়ার প্রয়োজন নেই। এ নিয়ে সংসদে আলোচনার কোনো অবকাশ নেই। এ নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে আহ্বান জানানো প্রহসন ছাড়া আর কিছুই নয়।বিএনপির চেয়ারপারসন দাবি করেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ করা হয়েছে। এ ব্যবস্থা বহাল রাখার উপায় নেই—প্রধানমন্ত্রীর এ বক্তব্য বিভ্রান্তিকরই শুধু নয়, পুরোপুরি অসত্য।খালেদা জিয়া বলেন, ‘বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে দেওয়া আপিল বিভাগের বিভক্ত রায়ে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান বাতিল কিংবা অবৈধ ঘোষণা করা হয়নি। এতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ভাবী-সাপেক্ষে বাতিল এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হলো। কাজেই রায়ে ঘোষিত অবৈধতা এখন থেকে নয়, বরং আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল থাকার পর থেকে কার্যকর হবে।’সুপ্রিম কোর্টের রায়কে উদ্ধৃত করে খালেদা জিয়া বলেন, জনগণ ও রাষ্ট্রের নিরাপত্তাই যেহেতু সর্বোচ্চ আইন, সে কারণে প্রয়োজনের নিরিখে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হতে পারবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি কিংবা আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হতে পারবেন কি না, শুধু এ ব্যাপারে স্বাধীনভাবে জাতীয় সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে রায়ে অভিমত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রায়ের একটি অংশ মানেন, কিন্তু অপর অংশ মানেন না। রায়ে যা আদৌ নেই, তিনি সেটি বারবার বলে যাচ্ছেন। তিনি রায়টির ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে ক্ষমতায় থেকে নির্বাচন করার দিবাস্বপ্নে বিভোর।খালেদা জিয়া অভিযোগ করেন, সম্প্রতি একটি গুরুতর বিষয় দেশবাসীর সামনে উদ্ঘাটিত হয়েছে। আদালত পঞ্চম সংশোধনীকে অবৈধ আখ্যা দেওয়ার পর সংসদের অনুমোদন ছাড়াই আইনমন্ত্রী সংবিধান সংশোধন করে ছাপিয়ে ফেলেন। ১১ ফেব্রুয়ারি মুদ্রিত সেই সংবিধানের ৯৯ অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ গ্রহণের জন্য সাবেক বিচারপতিদের অযোগ্য ঘোষণা করা হয়। বিস্ময়কর হলো, গত ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে আপিল বিভাগের দেওয়া রায়ে এই বিধানেরই প্রতিফলন ঘটেছে। এতে প্রমাণিত হয়, সর্বোচ্চ আদালত সরকারের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এ রায় দিয়েছেন।খালেদা জিয়া বলেন, হরতালের আগে পুলিশের রিকুইজিশন করা গাড়িতে আগুন লাগানো হয়েছে; পুলিশের রিকুইজিশন করা গাড়ি পোড়ানো বিরোধী দলের কর্মীদের পক্ষে সম্ভব নয়। অথচ সেই অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-কে কালাকানুন হিসেবে উল্লেখ করে বলেন, আন্দোলন দমাতে ন্যক্কারজনকভাবে এই কালাকানুনের অপপ্রয়োগ করেছে সরকার।সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহাবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।