তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ.লীগের অভিজ্ঞতা তিক্ত: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিরোধী দলের হরতাল ডাকার যেমন গণতান্ত্রিক অধিকার রয়েছে, হরতাল পালন না করার গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগেরও রয়েছে।আজ শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ীতে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে গ্রামে বলে ততা (গরম) সরকার। এ সরকার সম্পর্কে আওয়ামী লীগের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করা হয়েছে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নালিতাবাড়ীর স্থানীয় পাবলিক হল অডিটরিয়ামে জিআরের চাল, পঙ্গুভাতা, মসজিদ, মন্দিরে অনুদান, কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজধান বিতরণ করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দলীয় নেতা-কর্মী ও গরিব মানুষদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, হরতালের নামে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমাবাজি করে জনগণকে ভয় দেখিয়ে ঘরে আবদ্ধ করে রাখার নাম গণতন্ত্র নয়। বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনি আদালতের রায় মানবেন না। সংসদ মানবেন না। তা তো হয় না।’ আলোচনায় বক্তব্য দেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম উকিল প্রমুখ।