তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের রায় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ভাগ্য নির্ধারণ হচ্ছে কাল মঙ্গলবার। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আপিলের ওপর কাল রায় দেবেন আপিল বিভাগ। আজ সোমবার বিকেলে প্রকাশিত আপিল বিভাগের আগামীকালের দৈনন্দিন কার্যতালিকায় বিষয়টির রায় ঘোষণার জন্য ১ নম্বর ক্রমিকে রয়েছে।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ রায় ঘোষণার কথা। কার্যতালিকায় দেখা যায়, রায় ঘোষণার জন্য ‘মো. আবদুল মান্নান বনাম বাংলাদেশ সরকার’ শিরোনামে আপিল আবেদনটি রায় ঘোষণার জন্য কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে রয়েছে। সকাল নয়টার রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে।গত ৬ এপ্রিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন। পরের বছর ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। চলতি বছরের ১ মার্চ আপিল বিভাগে এ আপিলের ওপর শুনানি শুরু হয়। আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় আট আইনজীবী মতামত দেন।অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তবে রফিক-উল হক ও এম জহির বর্তমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দেন। অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা সংবিধানের মৌল কাঠামোর পরিপন্থী।