তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবেই: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে বিরোধী দলকে লোক দেখানো কিংবা কারও মন জোগানোর জন্য আলোচনার আহ্বান করছি না; বরং রাজনৈতিক পরিস্থিতির জন্যই আলোচনায় ডাকা হচ্ছে। তবে আদালতের রায়ের ওপর সম্মান রেখেই এ ব্যাপারে সমাধান বের করতে হবে। কারণ, আদালতের রায় মানতে আমরা বাধ্য।’আওয়ামী লীগের নেতা সৈয়দ আশরাফ আশা প্রকাশ করে বলেন, ‘এখন যে যা-ই বলুক না কেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হবে এটা আমরা নিশ্চিত। তবে আলোচনা সময়মতো হোক এটা আমরা চাই।’আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফ। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, কারও পছন্দ হোক আর না হোক, কারও পক্ষে যাক আর না যাক, আদালতের প্রতি সম্মান রেখেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ব্যাপারে সমাধান বের করতে হবে। তিনি বলেন, স্বাধীন দেশে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। দেশে সমস্যা সমাধানের একমাত্র পথ হলো আলোচনা। গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে আলোচনার বিকল্প নেই।বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে ডাকা আগামী ৩ জুলাইয়ের হরতালের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, কিছু মানুষ চায় না প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হোক। কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি অবৈধ নয়। আর এ ধরনের চুক্তি এটাই প্রথম নয়। বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি আগেও অনেক হয়েছে, আগামীতেও হবে বলে তিনি জানান।বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।