তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করা আপিলের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের আজ এ রায় ঘোষণা করার কথা। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর ১০ দিন শুনানি গ্রহণ করেন আদালত। শুনানি শেষে গত ৬ এপ্রিল আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। তবে গতকাল সোমবার প্রকাশিত আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আবেদনটি রায় ঘোষণার জন্য ১ নম্বর ক্রমিকে আছে। তালিকা অনুযায়ী সকাল নয়টায় এজলাস বসার কথা।২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে পরের বছরই আপিল করা হয়। চলতি বছরের ১ মার্চ আপিল বিভাগে এর শুনানি শুরু হয়। আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় আটজন আইনজীবী বক্তব্য দেন। অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তবে রফিক-উল হক ও এম জহির বর্তমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দেন। অপর অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা সংবিধানের মৌল কাঠামোর পরিপন্থী। গত ৬ এপ্রিল শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে ত্রুটি নেই। কিন্তু ব্যক্তিবিশেষের কারণে এর সম্পর্কে নানা রকম প্রশ্নে ওঠে। ত্রয়োদশ সংশোধনীর প্রয়োজন ছিল, এখনো আছে। এটা যদি পরিবর্তন ও কোনো ধরনের রদবদল করার দরকার হয়, সেটা সংসদ দেখতে পারে। জানা যায়, ১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চে রায় দেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে ওই রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। তবে আদালত এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেন। এই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। তবে এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি চলতি বছর মো. আবদুল মান্নান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে কার্যতালিকায় আসে।